২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোরাডোয় বন্যায় মৃত ৪, নিখোঁজ ৫শ’

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় অতিবৃষ্টির কারণে দেখা দেয়া আকস্মিক বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ৫ শ’রও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

গত বুধবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে কলোরাডোতে। হাওয়া অফিসের হিসেব মতে, সাধারণত যে সব এলাকায় সেপ্টেম্বর জুড়ে ২ ইঞ্চির মতো বৃষ্টিপাত হয় সেখানে এক সপ্তাহেই ১৫ ইঞ্চি বৃষ্টিপাতে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

লারিমার কাউন্টিতে ভেসে গেছে ৮০ বছরের এক বৃদ্ধের ঘর। একই এলাকার আরেক জায়গায় ৬০ বছরের প্রৌঢ়াও ভেসে গেছে জলস্রোতে।

বন্যায় ৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর জানিয়েছেন কর্মকর্তারা। এর মধ্য বোল্ডার কাউন্টিতে মারা গেছে ৩ জন এবং আরেকজন মারা গেছে এই কাউন্টিরই ১শ’ মাইল দক্ষিণের কলোরাডো স্প্রিং এলাকায়।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল ফোনের টাওয়ারসহ বিদ্যুৎ সরবরাহ। ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধারকাজ।

তাছাড়া, কলোরাডোয় যে কোনো সময় আবারো প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা এখনো রয়েছে বলেই পূর্বাভাস দিযেছে আবহাওয়া অফিস।ফলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।

বোল্ডার এবং লারিমার কাউন্টি থেকে শনিবার রাত পর্যন্ত ১৭৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাও।

তবে বন্যায় ক্ষয়ক্ষতির কারণে এখনো অনেক জায়গাতেই পৌঁছতে পারছে না উদ্ধারকারীরা।

প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার কলোরাডো পরিস্থিতিকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা করেছেন।

ইতোমধ্যে উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে বেশ কিছু ত্রাণ। আরো ত্রাণ পাঠানো হবে বলেও আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস।