২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পরমাণু চালিত ডুবোজাহাজে আগুন

জাহাজ নির্মাণ কারখানায় মেরামতের সময় রাশিয়ার পরমাণু শক্তিচালিত একটি ডুবোজাহাজে আগুন লেগেছে। তবে এই আগুনে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Sep 2013, 05:20 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার রাশিয়ার পূর্ব উপকূলীয় ভ্লাদিভস্তক বন্দর শহরে এ ঘটনা ঘটে।

পরমাণু চুল্লি থেকে উৎপাদিত শক্তিতে চালিত এই ডুবোজাহাজটির নাম টোমস্ক।

ভ্লাদিভস্তক থেকে ২৫ কিলোমিটার দূরে বলশয় কামেন এলাকায় জাভেজদা জাহাজ নির্মাণ করাখানার একটি ভাসমান ডকে টোমস্ক’র মেরামত কাজ চলছিল।

এসময় কোনো এক ফাঁকে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে ডকে আনার আগেই ডুবোজাহাজের পরমাণু চুল্লিটি বন্ধ করে দেয়া হয়।

রুশ সংবাদ সংস্থা আরআইএ কে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ডুবোজাহাজটি থেকে সব নাবিকদের সরিয়ে নেয়া হয়েছে এবং জাহাজটিতে কোনো অস্ত্র নেই।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক আরেক নৌ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইতার-তাস জানায়, ডুবোজাহাজটি থেকে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার কোনো ভয় নেই।

“জাহাজ থেকে সব অস্ত্র সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আছে। শহরের অধিবাসীদের কোনো ভয় নেই,” বলেন তিনি।

দুটি অগ্নিনির্বাপনী জাহাজ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এছাড়া আগাম সতর্কতা হিসেবে তেজস্ক্রিয় দূর্ষণ পরিমাপ করতে পারে এমন একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে খবরে।