২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠোর’ জাতিসংঘ সিরিয়া প্রস্তাবনা আহ্বান

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে কঠোর জাতিসংঘ প্রস্তাবনা চাইছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Sep 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার প্যারিসে এক বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছে তিন দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কার্যালয় একথা জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সোমবার বৈঠক করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যোহ ফ্যাবিউস এবং প্রেসিডেন্ট ওলাদ।

এ বৈঠকেই রাসায়নিক অস্ত্র ধ্বংসে সিরিয়াকে সুনির্দিষ্ট সময় বেঁধে দিতে নেতারা একমত হয়েছেন বলে জানান ওলাদ।

সিরিয়া সম্প্রতি বৈশ্বিক রাসায়নিক অস্ত্র কনভেনশনে যোগ দিতে রাজি হয়েছে। ১৪ অক্টোবর থেকে এ চুক্তির আওতায় আসবে দেশটি।

আর এরইমধ্যে রাসায়নিক অস্ত্র নিয়ে গত শনিবারের রুশ-মার্কিন চুক্তি অনুযায়ী সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তাদের রাসায়নিক অস্ত্র ভান্ডারের পূর্ণ বিবরণ দিতে হবে। এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে রাসায়নিক অস্ত্র নির্মূল করতে হবে সিরিয়াকে।

সিরিয়া তা করতে ব্যর্থ হলে সেখানে শেষ অস্ত্র হিসাবে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শক্তি প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সও বলছে সিরিয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলেও তাদেরকে রাসায়নিক অস্ত্র নির্মূলে বাধ্য করতে সামরিক অভিযানের পথ খোলা রাখা কিংবা নিষেধাজ্ঞা বলবৎ করার ব্যবস্থা রাখা প্রয়োজন।