২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়েসং শিল্পাঞ্চলে ফিরছে শ্রমিকেরা

উত্তর কোরিয়ার কায়েসং শিল্পাঞ্চলে ফিরেছে দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ওই শিল্পাঞ্চল পাঁচ মাস বন্ধ ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার থেকে ট্রাক ও গাড়ি সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ শুরু করে। আটশ’র বেশি দক্ষিণ কোরিয়ার শ্রমিক এরই মধ্যে সীমান্ত অতিক্রম করেছে।

মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুই দেশ তাদের এই যৌথ শিল্পাঞ্চল পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এই শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার ১২৩টি কারখানায় উত্তর কোরিয়ার ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ করে। এটি দুই কোরিয়ার সর্বশেষ কার্যকর যৌথ প্রকল্প এবং পিয়ংইয়ং-এর আয়ের অন্যতম উৎস।

কিন্তু গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিলে উত্তর কোরিয়া এপ্রিলে ওই শিল্পাঞ্চল থেকে তাদের সব শ্রমিক প্রত্যাহার করে নেয়।

দক্ষিণের একত্রীকরণ মন্ত্রনালয়ের কয়েক মাসের চেষ্টার পর শিল্পাঞ্চলটি আবার চালু হলো।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মোট ৮২০ জন ব্যবস্থাপক ও শ্রমিক সোমবার এই শিল্পাঞ্চলে যাবেন। যাদের মধ্যে ৪০০ জন পুরো রাত সেখানে থাকবেন। সেখানে তারা উৎপাদনের সম্ভাবনা পর্যবেক্ষণ করবেন এবং কত দ্রুত শিল্পাঞ্চলটি পুরোদমে চালু করা সম্ভব সেটা খতিয়ে দেখবেন।

যদিও বলা হয়েছে পরীক্ষামূলকভাবে শিল্পাঞ্চলটি চালু হচ্ছে। তারপরও দক্ষিণ কোরিয়ার অর্ধেকের বেশি কোম্পানি তাদের উত্তর কোরিয়ান শ্রমিকদের কর্মক্ষেত্রে হাজিরা দিতে বলেছে।

প্রায় এক দশক আগে চালু হওয়া শিল্পাঞ্চলটি মূলত উত্তর কোরিয়ার একতরফা সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তাই পুনরায় চালু করার আলোচনার সময় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয় এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে যাতে উত্তর কোরিয়া ভবিষ্যতে একক সিদ্ধান্তে শিল্পাঞ্চলটি বন্ধ করে দিতে না পারে।

বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহ দর কষাকষি চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত গত সপ্তাহে নতুন এক যৌথ চুক্তির মাধ্যমে কায়েসং শিল্পাঞ্চলটি নীরিক্ষার ভিত্তিতে চালুর সিদ্ধান্ত হয়।

পাঁচ মাস কারখানা বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে দিতে বছরের বাকি সময়ে কারখানা মালিকদের কর মওকুফের ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

যদিও দক্ষিণ কোরিয়ার অনেক ব্যবসায়ী এখনো উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসার ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় আছেন।

একটি টেক্সটাইল কোম্পানির ব্যবস্থাপক বলেন, “সত্যি বলতে আমি এখনো কিছুটা দুশ্চিন্তায় আছি। কারণ আপনি কখনোই বলতে পারবেন না ভবিষ্যতে কখন আবার উত্তর কোরিয়ার মত পাল্টে যাবে। কে বলতে পারে এই ধরনের সমস্যা আবারো হবে না।”

দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধে যেসব পরিবার বিভক্ত হয়ে গেছে তাদের পুনর্মিলনের ব্যাপারেও দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে। সর্বশেষ ২০১০ সালে দুই কোরিয়ার অধিবাসীরা এই সুযোগ পেয়েছিলো।