প্রধানমন্ত্রী নিয়োগ দেবে সিরিয়ার বিরোধী জোট
আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং ওয়াশিংটনের সঙ্গে মস্কোর কূটনৈতিক আলোচনার জন্য সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশন(আসাদ বিরোধী জোট) একজন অস্থায়ী প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ন্যাশনাল কোয়ালিশন সূত্র জানায়, শনিবার এই নিয়োগ দেয়ার কথা রয়েছে।
কোয়ালিশনের ১১৫ সদস্যের প্রথম দিনের সভা শেষে শুক্রবার মুখপাত্র খালেদ সালেহ রয়টার্সকে বলেন, “আমরা আগামীকাল (শনিবার) একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবো। আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে এটা প্রথমে থাকবে।“
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলার হুমকি এড়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার বিপুল পরিমান রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক মহলের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার এই প্রস্তাবে একটি সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দেয়ার চেষ্টা করে যাচ্ছে বিরোধী কোয়ালিশন।
সালেহ বলেন, “সর্বপ্রথম জবাবদিহিতা নিশ্চিত করা উচিত ছিলো যেটা রাশিয়ার উদ্যোগে অনুপস্থিত। রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেয়ার পর একটা সমাধানে পৌঁছানো গেলেও এটা কোনো ভাবেই ক্ষমা করা যায় না যে এতে (রাসায়নিক হামলায়) ১৪৬৬ জন নিরীহ মানুষের প্রাণ গেছে।“
যদিও রাজধানী দামেস্কের প্রান্তে ঘৌতায় চালানো ওই রাসায়নিক অস্ত্র হামলার দায় অস্বীকার করেছেন প্রেসিডেন্ট আসাদ।
এদিকে সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে নতুন করে আন্তর্জাতিক সম্মেলনে ডেকে শান্তি আলোচনার পথে এগিয়ে যেতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নিরোধ নিয়ে শুক্রবারের জেনেভা বৈঠকে সিরিয়ায় সংঘাত নিরসনের বৃহত্তর প্রচেষ্টায় এগিয়ে যেতে একমত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৈঠকে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সংক্রান্ত বিষয়টি নিয়ে ল্যাভরভের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে জানান কেরি।
সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ২ সপ্তাহের মধ্যে ২৮ সেপ্টেম্বরের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় আবারো দুইজনের আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে কোয়ালিশন সদস্য খালেদ খোজা বলেন, যদি সামরিক শাসন তুলে নেয়া হয় তবে বিরোধীদল এখনো আসাদ সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।
“আমরা জেনেভা বৈঠকের বিপক্ষে নই। তবে এই পরিস্থিতিতে আলোচনা সম্ভব নয়। এই মুহূর্তে ক্ষমতায় ভারসাম্য নেই।“
