সিরিয়া শান্তি আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র-রাশিয়া
সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে নতুন করে আন্তর্জাতিক সম্মেলনে ডেকে শান্তি আলোচনার পথে এগুতে রাজি যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নিরোধ নিয়ে শুক্রবারের জেনেভা বৈঠকে সিরিয়ায় সংঘাত নিরসনের বৃহত্তর প্রচেষ্টায় এগিয়ে যেতে একমত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৈঠকে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সংক্রান্ত বিষয়টি নিয়ে ল্যাভরভের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে জানান কেরি।
সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ২ সপ্তাহের মধ্যে ২৮ সেপ্টেম্বরের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় আবারো দুইজনের আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরোধ চুক্তি নিয়ে জেনেভা বৈঠকের অগ্রগতি আগামী দিনগুলোতে শান্তি সম্মেলন করার পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলেই আশা প্রকাশ করেন কেরি।
তিনি বলেন, “রাসায়নিক অস্ত্র নিয়ে শুরু হওয়া উদ্যোগের পথ ধরে আমরা একসঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমাদের এ চেষ্টা বিশ্বের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেই আশা করি”।
