২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্মিতাকে হত্যার অভিযোগে ২ জঙ্গি গ্রেপ্তার

ভারতীয় লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার অভিযোগে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে আফগান পুলিশ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

হত্যাকাণ্ডের পাঁচদিন পর সোমবার কাবুল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আফগানিস্তানের ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অমর সিনহা জানান, গ্রেপ্তার হওয়া দু’জনকে খুনের কারণ সম্পর্কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের পরিচয়ও জানার চেষ্টা চলছে।”

তবে আটক ব্যক্তিদের সঙ্গে তালেবান গোষ্ঠীর যোগ রয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, পুলিশই এ ব্যাপারে অনুসন্ধান শেষে তথ্য জানাবে।

দেড় দশক আগে তালেবানের কবল থেকে পালিয়ে আসার স্মৃতি নিয়ে বই লিখে সাড়া ফেলেছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিকভাবে বুধবারের এই হত্যাকাণ্ডের জন্যও তালেবান গোষ্ঠীকেই দায়ী করে আফগানিস্তান পুলিশ। পাকতিতা রাজ্যে বাড়ি থেকে তুলে নিয়ে সুস্মিতাকে (৪৯) হত্যা করা হয় বলে বিবিসি জানিয়েছে।

কলকাতার মেয়ে সুস্মিতা ১৯৮৮ সালে আফগান ব্যবসায়ী জানবাজ খানকে বিয়ে করে আফগানিস্তানে পাড়ি জমান।

১৯৯৩ সালে দেশটিতে তালেবানি শাসন শুরুর পর তাদের রোষানলে পড়েন সুস্মিতা। পরে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে দুই বছর পর পালিয়ে ভারতে যেতে পেরেছিলেন তিনি।

এই অভিজ্ঞতা নিয়ে বাঙালি এই নারী ‘এ কাবলিওয়ালাস বেঙ্গলি ওয়াইফ’ শিরোনামের একটি স্মৃতিকথা লেখেন, যা ভারতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায়।

বইটি অবলম্বনে ২০০৩ সালে বলিউডে ‘এসকেপ ফ্রম তালেবান’ নামের একটি চলচ্চিত্রও নির্মিত হয়, যাতে অভিনয় করেন মনীষা কৈরালা।

তালেবান শাসনের অবসানের পর সম্প্রতি সুস্মিতা আবার আফগানিস্তানে তার স্বামীর কাছে ফিরে গিয়েছিলেন। স্বাস্থ্যকর্মী হিসেবে কাজও করছিলেন তিনি।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিবিসিকে জানান, তালেবান জঙ্গিরা পাততিকা প্রদেশের রাজধানী কারানায় বাড়িতে ঢুকে স্বামীসহ পরিবারের লোকজনের হাত-পা বেঁধে রেখে সুস্মিতাকে নিয়ে যায়।

পরে গুলি চালিয়ে হত্যার পর একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে লাশ ফেলে যায়।