থাইল্যান্ডে বিমান দুর্ঘটনা, আহত ১৪
ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি বিমান রানওয়েতে পিছলে পড়ে ১৪ জন যাত্রী আহত হয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি অবতরণের সময় হঠাৎ করে নাকের কাছের চাকাটি বন্ধ হয়ে যাওয়াই এই দুর্ঘটনার কারণ।
চীনের গুয়াংঝু থেকে আসা বিমানটিতে ২৮৮ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন।
থাই এয়ারওয়েজের পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় জানানো হয়, যাত্রীদের জরুরী বহির্গমণের পথ দিয়ে বের করে আনা হয়। আহত ১৪ জনকে ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
“থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ফ্লাইট টিজি ৬৭৯ গুয়াংঝু থেকে যথাসময়ে (স্থানীয় সময় ২৩:০০) সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছায়। তবে অবতরণের সময় ‘নোজ গিয়ার’ অকার্যকর হয়ে যাওয়ায় বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে ছিটকে যায়।“
থাইল্যান্ডের বেসরকারি বিমান পরিবহনের কর্মকর্তা বলেন, “ইঞ্জিনের কাছে ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আালোর ঝলক দেখা গিয়েছিলো বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।“
সাত বছর আগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরটি উদ্বোধন করা হয়। এটি এশিয়ার বৃহত্তম বিমানবন্দরগুলোর একটি।
বিমানবন্দরটি বছরে ৪ কোটি ৫০ লাখ যাত্রীর যাতায়াতের উপযোগী করে তৈরি করা হয়।
বর্তমানে প্রায় সাড়ে ৫ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে।
