২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র হামলায় সিরিয়া সীমা ছাড়িয়েছে : কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্রের অবৈধ ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায়ের বেঁধে দেয়া সীমারেখা (রেডলাইন) ছড়িয়ে গেছে। এ ব্যাপারে প্যারিস বৈঠকে তার সঙ্গে একমত হয়েছেন আরব লিগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আন্তর্জাতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে হামলায় সমর্থন আদায়ের চেষ্টায় ইউরোপ সফর করছেন কেরি। সিরিয়ায় সামরিক হামলা চালানো নিয়ে আরব দেশগুলোর মধ্যে বিভক্তি আছে।

ফ্রান্সের প্যারিসে আরব লিগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রোববার এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, আসাদের ন্যাক্কারজনক রাসায়নিক অস্ত্র হামলা আন্তর্জাতিক এমনকি বৈশ্বিক চূড়ান্ত সীমা ছাড়িয়েছে।

আরব লিগের মন্ত্রীরাও সবাই একবাক্যে এ ব্যাপারে একমত হয়েছেন বলেও জানান তিনি।
কেরি সৌদি আরব, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য আরব মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়ার সঙ্গে কেরি বলেন, “আমরা সবাই কেবল আসাদের রাসায়নিক অস্ত্রের নিন্দনীয় ব্যবহারই না বরং তা যে আন্তর্জাতিক সীমারেখা ছাড়িয়েছে সে ব্যাপারেও একমত।”

জাতিসংঘ অস্ত্র পরিদর্শকরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার পূর্ণ প্রতিবেদন জমা দিলে সিরিয়া বিষয়ক প্রস্তাব পাসের জন্য যুক্তরাষ্ট্রের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফেরার সম্ভাবনা কেরি নাকচ করেননি। তবে আরব দেশগুলো সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই চাইছে বলে তিনি ইঙ্গিত দেন।
বিবিসি জানায়, সৌদি আরব ও কাতার হামলার পক্ষে থাকলেও সিরিয়ার প্রতিবেশী দেশ জর্ডান ও লেবানন বার বার এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে মত দিয়ে আসছে।

গত ২১ অগাস্টে দামেস্কের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র হামলায় ১৪২৯ জন নাগরিক নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে। আসাদ সরকার ওই হামলার জন্য বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করছে।

দেশটিতে গত আড়াই বছরের গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

ওদিকে উত্তর দামেস্কে খ্রিস্টান অধ্যুষিত মাওলুলা অঞ্চল বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে একাধিক সূত্র থেকে খবর পাওয়া গেছে। সেখান থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’।