রাজপ্রাসাদে চোর, আটক ২
যুক্তরাজ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে দেয়াল টপকে বাকিংহাম প্রাসাদে ঢুকে পড়ে এক ব্যক্তি।পরে ওই ব্যক্তিসহ প্রসাদের বাইরে দাঁড়িয়ে থাকা আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রানির লন্ডনস্থ এই বাসভবনে প্রায় ৩০ বছরের মধ্যে নিরাপত্তায় এমন মারাত্মক ফাটল এটাই প্রথম।
পুলিশের এক মুখপাত্র জানান, কিছুদিন আগে পর্যটকদের জন্য খুলে দেয়া প্রসাদের একটা অংশে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ লুকিয়ে দেয়াল টপকে প্রাসাদ প্রাঙ্গনে ঢুকে পড়ে এক ব্যক্তি।
সে সময় রাজপরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। অগাস্টে বালমোরাল ক্যাসেলে অবকাশ যাপনে গেছেন রানি। অক্টোবরের আগে তিনি প্রাসাদে ফিরবেন না।
পুলিশ বিনা অনুমতিতে প্রাসাদে প্রবেশ ও চুরির অভিযোগে ওই ব্যক্তি আটক করে। দ্বিতীয় আরেকজনকে চুরির ষড়যন্ত্র করার সন্দেহে গ্রেপ্তার করা হয় প্রাসাদের বাইরে থেকে।
পরে অবশ্য দুইজনকেই জামিনে মুক্তি দেয়া হয় বলে জানানো হয়েছে খবরে।
এর আগে বাকিংহাম প্রাসাদে এরকম ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে। মাইকেল ফেগান নামের এক ব্যক্তি সে বার ঢুকে পড়েছিলেন রানির শোয়ার ঘরে।
রানির খাটে বসেই তার সঙ্গে কথা বলেছিলেন ফেগান। পরে তিনি ধরা পড়েন।
