২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের সামনে সিরিয়ায় হামলা বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ সম্মেলনে বিমুখ হয়ে নিজদেশে সিরিয়ায় হামলার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা নেয়ার মধ্যেই হোয়াইট হাউসের সামনে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুদ্ধ বিরোধীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

অন্তত দেড়শ’ মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। হোয়াইট হাউসের পাশের রাস্তায় তারা পিকেটিং করে এবং ক্যাপিটল হিল অভিমুখে মিছিল করে।

কংগ্রেসকে সিরিয়ায় হামলার বিপক্ষে ভোট দেয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। আর কোনো যুদ্ধ নয়- দাবিতে স্লোগান দেয় তারা।

সিরিয়ায় ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রশাসনকে দায়ী করেছে।

এর শাস্তি হিসাবে সিরিয়ায় মার্কিন সামরিক হামলা চালানোর প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাব এরই মধ্যে ভোটে পাস করেছে সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি। আগামী বুধবার গোটা সিনেটের অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে প্রস্তাবটি।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ-উত্তেজনা যুক্তরাষ্ট্রজুড়ে অন্যান্য স্থানেও বিক্ষোভ উস্কে দিয়েছে।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ হয়েছে। এছাড়া, বোস্টনে সিরিয়ায় হামলার বিরুদ্ধে বিশেষ প্রার্থনাও হয়েছে। যুদ্ধের বিরুদ্ধে এভাবেই তাদের অবস্থান সরকারকে জানিয়ে দিয়েছে মানুষ।

সিরিয়ায় সামরিক অভিযান ইরাক বা আফগানিস্তানের মতো ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি হবে না বলে ওবামা দেশবাসীকে আশ্বস্ত করলেও যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই যুদ্ধের বিপক্ষে- এমনটিই দেখা গেছে সম্প্রতিক জরিপে।

রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ নাগরিক সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিপক্ষে, যেখানে মাত্র ১৯ শতাংশ মানুষ সেখানে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে।