জাতিসংঘের অনুমতি ছাড়া সিরিয়ায় হামলা নয়: ব্রাহিমি
জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ শান্তি দূত লাখদার ব্রাহিমি বলেছেন, ‘আইন নিজের হাতে তুলে নিয়ে’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া সিরিয়ায় হামলা চালানোর অধিকার কোনো রাষ্ট্রেরই নেই।
রাশিয়ায় জি -২০ সম্মেলনের ফাঁকে শুক্রবার রাশিয়াসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রাহিমি একথা বলেন।
নিরাপত্তা পরিষদের সম্মতি ছাড়া সিরিয়ায় হামলা চালালে সঙ্কটের রাজনৈতিক সমাধানে পৌঁছার সুযোগ নষ্ট হবে- বহু দেশই এ বিষয়টি উপলব্ধি করছে বলে জানান তিনি। তার সঙ্গে একমত প্রকাশ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও।
ল্যাভরভকে সঙ্গে নিয়ে ব্রাহিমি সাংবাদিকদেরকে বলেন, “আন্তর্জাতিক আইনেই কোনো দেশের আইন নিজ হাতে তুলে নেয়ার এখতিয়ার নেই— তাদেরকে নিরাপত্তা পরিষদের মাধ্যম দিয়েই এগুতে হবে।”
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র গত মে মাসে সিরিয়া সরকার এবং বিদ্রোহীদেরকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করবে বলে ঘোষণা দিয়েছিল। এখন সিরিয়ায় সামরিক হামলা হলে সে বৈঠক আর কখনই হতে পারবে না সতর্ক করেন ব্রাহিমি।
