২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ গোটা বিশ্ব: ওবামা

সিরিয়া সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Sep 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধের আন্তর্জাতিক চুক্তি সমুন্নত রাখা এবং এ অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়াকে সমুচিত জবাব দেয়া এখন সময়ের দাবি মন্তব্য করে ওবামা বলেন, “এর ওপরই মার্কিন কংগ্রেস এবং বিশ্ব সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে।”

সুইডেনে সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তিনি সীমা বেঁধে দেননি। এ সীমা বেঁধে দিয়েছে বিশ্ব সম্প্রদায়।

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ‘রেড লাইন’ দিয়ে গত বছর ওবামা বলেছিলেন এ সীমা অতিক্রম করলে ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি এবং অতীতে কংগ্রেসের নেয়া কিছু পদক্ষেপের ভিত্তিতেই সিরিয়াকে ওই সীমা বেঁধে দেয়া হয়েছিল বলে বুধবার জানিয়েছেন ওবামা।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার যখন রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে চুক্তি পাস করেছিল সীমারেখাটা(রেড লাইন)নির্ধারিত হয়ে গিয়েছিল তখনই। কোনো দেশ যুদ্ধের মধ্যে থাকলেও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয় আন্তর্জাতিক ওই চুক্তিতে।

এখন রাসায়নিক অস্ত্রের ‘আপত্তিকর’ ব্যবহারের বিরুদ্ধে বিশ্বকে তার নির্ধারিত ওই রেডলাইনেই অটল থাকতে হবে বলে উল্লেখ করেন ওবামা।

তিনি বলেন, আন্তর্জাতিক বিধিমালার গুরুত্ব নিয়ে সবাই বুলি কপচায় অহরহই। আর সেকারণে এটি সমুন্নত রাখার প্রয়োজনীয়তা নিয়ে এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং কংগ্রেসই নয় বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়েছে।

সিরিয়ায় হামলার চালানোর প্রস্তাবটি নিয়ে কংগ্রেসে আগামী সপ্তাহে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।