রাসায়নিক অস্ত্র হামলায় দায়ী সিরিয়া সরকার: নেটো
নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার তথ্যপ্রমাণ দেখে এর পেছনে সরকার জড়িত বলেই ধারণা বদ্ধমূল হয়েছে তার।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাকে খুবই সুনির্দিষ্ট কিছু তথ্য দেয়া হয়েছে।সেগুলো বিস্তারিত খুঁটিয়ে না দেখেই বলতে পারি, সিরিয়ায় কেবল রাসায়নিক অস্ত্র হামলাই হয়নি বরং এর জন্য সিরিয়া সরকারই দায়ী- এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত”।
ওদিকে, ফ্রান্সও এরই মধ্যে পার্লামেন্টে এমপিদের সামনে রাসায়নিক অস্ত্র হামলায় সিরিয়া সরকারের জড়িত থাকার প্রমাণ দেখিয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্য-মাকত ইহু সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে গোয়েন্দা প্রতিবেদন এমপিদের কাছে তুলে ধরেন।
সিরিয়া সরকারকে এ হামলার জন্য শাস্তি দিতে দেশটিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সামরিক হামলা চালাতে চায় ফ্রান্স।
নেটো মহাসচিব রাসমুসেনও বলছেন, বিশ্ব এ রাসায়নিক অস্ত্র হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ‘একনায়কদের কাছে এক বিপজ্জনক সঙ্কেতই’ পাঠানো হবে।
তিনি বলেন, “ভবিষ্যতে এরকম ভয়াবহ হামলা এড়াতে আমাদের কঠোর আন্তর্জাতিক ব্যবস্থা নেয়া দরকার এ ব্যাপারে মতৈক্য হয়েছে। আমি একথাই বলব যে, আমরা কোনো কিছু না করে হাত–পা গুটিয়ে বসে থাকলে বিশ্বব্যাপী সব একনায়কদের কাছে বিপজ্জনক সঙ্কেতই পাঠানো হবে”।
২১ অগাস্ট আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র হামলায় নারী ও শিশুসহ ১৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছে বলে ইতোমধ্যেই জানিয়েছে ওয়াশিংটন।
এখন সিরিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমতির অপেক্ষায় আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
