২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-মেক্সিকোর ওপরও গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’(এনএসএ) ব্রাজিল এবং মেক্সিকোর প্রেসিডেন্টদের যোগাযোগ মাধ্যমে বিশেষত, ইন্টারনেটে আড়িপেতে গোয়েন্দাগিরি করেছে। ব্রাজিলের গ্লোবো টিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Sep 2013, 08:51 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

টিভির এক অনুষ্ঠানে রোববার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ করেন ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার ব্রাজিলিয়ান সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড।

এনএসএ’র ব্যাপক আড়িপাতা কর্মসূচি ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযোগ করেন তিনি।

গ্রিনওয়াল্ড বলেন, যুক্তরাষ্ট্রের চররা কিভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের শীর্ষ সহযোগীদের মধ্যকার বার্তা বিনিময়ের ওপর গোয়েন্দাগিরি করেছে তা এ গোপন তথ্য থেকে বেরিয়ে এসেছে।

টিভি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রৌসেফের ইন্টারনেটেও এনএসএ আড়ি পেতেছে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো নির্বাচিত হওয়ার আগে বিভিন্নজনের সঙ্গে তার যোগাযোগের ওপর নজরদারি করেছে এনএসএ।

গ্রিনওয়াল্ড বলেছেন, ২০১২ সালের জুনের নথি থেকে দেখা গেছে, পেনা নেইতোর ই-মেইল পড়েছে গোয়েন্দারা। ওই মেইলে নেইতো প্রেসিডেন্ট নির্বাচিত হলে মন্ত্রিসভায় কাদেরকে নিয়োগ করার কথা ভেবেছেন তা লিখেছিলেন।

এনএসএ’র গোয়েন্দাগিরির এ নতুন তথ্যে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মেক্সিকো সরকার বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে ব্রাজিল এরই মধ্যে গোয়েন্দাগিরির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে।

ব্রাজিলের বিচারমন্ত্রী জোসে এদুয়ার্দো কার্ডোজো বলেছেন, “নজরদারির খবর সত্য হলে তা হবে ব্রাজিলের সার্বভৌমত্বের পরিস্কার লঙ্ঘন। ফলে তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না”।