সিরিয়া উপকূলে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া
পূর্ব ভূমধ্যসাগরের সিরিয়া উপকূল অভিমুখে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া।
সিরিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের সামরিক আগ্রাসনের প্রস্তুতি চলার মধ্যে রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে।
ইউক্রেনের ব্ল্যাক সি পোর্ট সেভাস্টোপোল থেকে রোববার দিন শেষে রওনা হয়েছে রুশ গোয়েন্দা জাহাজ।
উদ্দেশ্য ভূমধ্যসাগর অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সর্বসাম্প্রতিক তথ্য সংগ্রহ করা। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
জাহাজটি মোতায়েনের ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি না হলেও ইন্টারফ্যাক্স বলেছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য পাঠানো হয়েছে ‘এসএসভি-১০২ প্রিয়াজোভি’ গোয়েন্দা জাহাজ।
ভূমধ্যসাগরে ইতোমধ্যেই অবস্থানরত রাশিয়ার নৌবাহিনী থেকে আলাদা হয়ে কাজ করবে এ জাহাজ।
গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রণালয় ভূমধ্যসাগরে নতুন জাহাজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছিল। তবে একে তারা জাতীয় নিরাপত্তা স্বার্থ সুরক্ষায় নিয়মমাফিক কর্মসূচির অংশ হিসাবে উল্লেখ করে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও সে সময় বলেছিলেন, সিরিয়াকে নিয়ে রাশিয়ার কোনো সামরিক সংঘাতে জড়ানোর অভিপ্রায় নেই।
