২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে হাজারো মুরসি সমর্থকের মিছিল, নিহত ৬

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে রাজধানী কায়রোসহ সারা দেশে হাজার হাজার মুরসি সমর্থক বিক্ষোভ মিছিল করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

দুই সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকশ’ প্রতিবাদকারী নিহত হওয়ার পর এটিই মুরসি সমর্থকদের সবচেয়ে বড় প্রতিবাদ কর্মসূচী।

শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচী চলাকালীন বড় কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও সারা দেশে ছয়জন নিহত, ৫০ জন আহত ও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।

বিক্ষোভমিছিল চলাকালীন কায়রোর মহান্দিসিন এলাকায় পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে ওই সূত্র।

মুরসির মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তার ও রক্তাক্ত অভিযানের মধ্যদিয়ে সমর্থকদের লাগাতার প্রতিবাদ সমাবেশ গুঁড়িয়ে দেয়ার পর ব্র্রাদারহুডের ডাকা প্রতিবাদ কর্মসূচীতে তেমন লোকসমাগম ঘটবে না বলে সেনা সমর্থিত সরকারের আশা ছিল, কিন্তু হাজার হাজার লোক জড়ো করে সরকারকে হতাশ করেছে ব্রাদারহুড।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে রাস্তায় রাস্তায় টায়ার পোড়ানো ও পুলিশের কাঁদুনে গ্যাস নিক্ষেপের দৃশ্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সরকারি আশা বিলীন হয়ে যাওয়ার কথা। সুসংগঠিত ব্রাদারহুডের পরিকল্পনায় এর সদস্যরা শহরের মূল রাস্তাগুলো এড়িয়ে বিচ্ছিন্ন অনেকগুলো মিছিলের মাধ্যমে তাদের উদ্দেশ্য পূরণ করেছে।

বিক্ষোভকারীরা সহিংস আচরণ করলে নিরাপত্তা বাহিনী গুলি করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও মুরসি সমর্থক ব্রাদারহুড দমে যায়নি। কায়রোর বড় স্কয়ারগুলো বা আগের প্রতিবাদ স্থানগুলো এড়িয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচী চালিয়ে নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে সংগঠনটি।

জুমার নামাজের পর কায়রোর কেন্দ্রীয় সাহিব রুমি মসজিদ থেকে ৫শ’ লোকের একটি মিছিল “জাগো, ভয় পেয়ো না, সেনাবাহিনীকে অবশ্যই যেতে হবে”, “স্বরাষ্ট্রমন্ত্রণালয় খুনি” এবং “মিশর ইসলামিক, ধর্মনিরপেক্ষ না” স্লোগান দিয়ে মিছিল করে।

বিকেলের মধ্যে কয়েক হাজার মানুষ কায়রোর বিভিন্ন এলাকার মধ্য দিয়ে মিছিল করে নির্বাচিত সরকারের পুনর্বহাল দাবি করে। প্রতিবাদকারীদের কিছু অংশ সন্ধ্যা ৭টায় কারফিউ শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উপস্থিত হয়ে স্লোগান দেয়।

কালো পোশাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা এবং কাঁদুনে গ্যাস ও আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সেনা ও হেলমেট পরিহিত পুলিশ চেকপয়েন্টে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছিল।

আলেকজান্দ্রিয়ায়ও কায়রোর মতো একই কায়দায় ব্রাদারহুড সদস্য ও মুরসি সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

কায়রোর ১৫টি এলাকা ও দেশের ৩২টি শহর ও টাউনে এ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বলে এক ইমেইল বার্তায় জানিয়েছে মুসলিম ব্রাদারহুড।

গত ৩ জুলাই কয়েক দিনের টানা সরকারবিরোধী বিক্ষোভের সূত্র ধরে মিশরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ব্রাদারহুডের মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে মুরসিকে ক্ষমকতায় পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করছে ব্রাদারহুড।

এসব কর্মসূচীকে কেন্দ্রে করে সৃষ্ট সহিংসতা ও প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।