পাকিস্তানে ভয়েজ ও টেক্সটচ্যাট প্যাকেজ বন্ধের নির্দেশ
পাকিস্তানের মোবাইল ফোন কোম্পানিগুলোকে ভয়েজ ও টেক্সটচ্যাট প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
কোম্পানিগুলোর দেয়া এই প্যাকেজ ‘পাকিস্তানি মূল্যবোধ পরিপন্থী’ হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
পাকিস্তানে টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)-এর মহাপরিচালক মুহাম্মাদ তালিব দোগার মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ২ সেপ্টেম্বরের মধ্যে ভয়েজ ও টেক্সটচ্যাট প্যাকেজ সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
পিটিএ’র একজন কর্মকর্তা নিশ্চিত করে বলেছেন, “আমরা টেলিকম কোম্পানিগুলোকে বিষয়টির প্রতি সম্মতি জানাতে ২০১২ সালের নভেম্বরে চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনো তাতে সম্মত হয়নি এবং এ ধরনের প্যাকেজ এখনো দিয়ে যাচ্ছে।”
মোবাইলফোন অপারেটর কোম্পানিগুলোর এই প্যাকেজ ঘোষণা পাকিস্তানের সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে সম্প্রতি দেশটির পার্লামেন্টে কয়েকজন আইনপ্রণেতা প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এই নির্দেশ জারি করল।
পাকিস্তানে টেলিকম ব্যবসা অন্যতম শীর্ষ লাভজনক খাত। বর্তমানে দেশটিতে পাঁচটি টেলিকম প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।
গত পাঁচ বছরে দেশটিকে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা নাটকীয় হারে বেড়েছে।
দেশটির এক টেলিকম প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পিটিএ-এর এই সিদ্ধান্ত এই খাতের জন্য একটি আঘাত। উচ্চ কর দেয়া এই খাতের জন্য যা মোটেও ইতিবাচক কোনো বিষয় নয়।
