সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলায় নিহত ১,৪২৯: কেরি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠে ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলায় সরকারি বাহিনী ১ হাজার ৪২৯ জনকে হত্যা করেছে।
এর মধ্যে রয়েছে ৪২৬ জন শিশু। পররাষ্ট্রমন্ত্রণালয়ে শুক্রবার এক বিবৃতিতে কেরি এ হামলাকে ‘অভাবনীয়রকম ভয়াবহ’ বলে মন্তব্য করে বলেন, এর বিরুদ্ধে কোনো কিছু না করে বসে থাকা যায় না।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার দেশের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করে এর দায় চাপিয়েছে বিদ্রোহীদের ওপর।
জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার আলামত তদন্ত করে দেখছেন। শনিবার দামেস্ক ছেড়ে যাওয়ার পর জাতিসংঘে তাদের এ হামলার তথ্যপ্রমাণ দাখিলের কথা রয়েছে।
তবে কেরি বলছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রকৃত সত্য জেনে গেছে। ৪ পাতার সরকারি দলিল থেকে রাসায়নিক হামলায় নিহতের এ পরিসংখ্যান পাওয়া গেছে এবং জাতিসংঘ তদন্ত দল এর চেয়ে নতুন আর কোনো তথ্য বিশ্বকে দিতে পারবে না বলেও দাবি করেন তিনি।
