স্নোডেনের দেয়া নথিতে লাদেন হত্যা অভিযানের বিস্তারিত
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধানে পাকিস্তানের অ্যাবোটাবাদে পরিচালিত অভিযানে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সৈন্যদের নির্দেশ দেয়া হয়েছিল বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা নথির বরাত দিয়ে বলা হয়েছে, অ্যাবোটাবাদে অভিযান পরিচালনার সময় স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে সংকেত আকারে তা গোয়েন্দাদের জানিয়ে দেয়া হয়।
এছাড়া লাদেনের সন্ধান বের করার জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) মোবাইল ফোন কল ট্র্যাক করে আল-কায়েদা সদস্যদের মধ্যকার কথোপকথন বের করেছিল বলেও ওই নথিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গোপন এই নথি ওয়াশিংটন পোস্টকে সরবরাহ করেন।
নথি অনুসারে, অ্যাবোটাবাদে অভিযান চালানোর আট ঘণ্টা পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি ফরেনসিক ইন্টেলিজেন্স ল্যাবরেটোরিতে লাদেনের ডিএনএ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
অ্যাবোটাবাদে অভিযান পরিচালনার আগে মাসব্যাপী ওই কম্পাউন্ডের ওপর স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালায় যুক্তরাষ্ট্রের জাতীয় সামরিক পর্যাবেক্ষণ দপ্তর। স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত তথ্য ও ছবি এই অভিযানের প্রস্তুতি এবং তা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লাদেনের সন্ধান পেতে টেইলরড অ্যাকসেস অপারেশন গ্রুপ নামে আরেকটি ব্যবস্থাকেও কাজে লাগায় এনএসএ। এর সাহায্যে বিভিন্ন কম্পিউটার ও মোবাইল ফোন নেটওয়ার্কের ওপর নজরদারি করে তারা।
লাদেনের খোঁজ পেতে এভাবে ভার্চুয়াল জগতের প্রায় প্রতিটি অস্ত্রকে কাজে লাগায় যুক্তরাষ্ট্র সরকার।
এর আগে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এক দশকেরও বেশি সময় লাদেন আত্মগোপনে থাকতে পেরেছিলেন। তা সম্ভব হয়েছিল কোনো ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম তিনি ব্যবহার না করায়। ফোন ও ই-মেইলের মাধ্যমে সহজে যোগাযোগের চেয়ে নিজেদের মধ্যে সরাসরি দেখা হওয়ার ওপর গুরুত্ব দিতেন তিনি।
স্যাটেলাইটের ব্যবহার ছাড়াও লাদেনের সন্ধানে পাকিস্তানের ভিতরে স্টিলথ ড্রোন পাঠায় যুক্তরাষ্ট্র।
পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদিসহ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও দলে ভেড়ায় তারা। চিকিৎসক দল টিকাদান কর্মসূচির কথা বলে অ্যাবোটাবাদের ওই কম্পাউন্ডে বসবাসরতদের রক্তের নমুনা সংগ্রহের চেষ্টা চালায়, যাতে তারা বিন লাদেন সংশ্লিষ্ট কারো সেখানে অবস্থানের বিষয়ে নিশ্চিত হতে পারে।
২০১১ সালের মে মাসে শুরুর দিকে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলস টিমের সদস্যদের অভিযানে লাদেন নিহত হয়।
এরপর তার আস্তানা থেকে উদ্ধার হওয়া বিভিন্ন তথ্য গোপন করার জন্য ফের উচ্চতর প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র সরকার। আর এজন্য তাদের প্রায় ২৫ লাখ ডলার ব্যয় করতে হয় বলে গোপন ওই নথিতে বলা হয়।
