২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেট ল্যাগ’ এর কারণ উদ্ঘাটন

ভিন্ন সময় এলাকায় বা দূর কোনো দেশে যাওয়ার পর সেই এলাকার সময়ের সঙ্গে খাপ খাওয়াতে আমাদের এত সময় কেন লাগে তার কারণ উদঘাটন করতে পেরেছেন বলে ধারণা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণায় তারা এমন এক “আণবিক ব্রেক” পেয়েছেন যা আকাশ পথে ভ্রমণকালে দেহঘড়ির সময় ঠিক করতে আলোক প্রতিরোধ করে রাখে- আর এতেই জেট ল্যাগের বিষয়টি ঘটে।

ইঁদুরের দেহের এই ব্রেকগুলো সরিয়ে দেখা গেছে তার পরিবর্তিত সময়ের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারছে।

এই গবেষণার প্রতিবেদন সম্প্রতি সেল সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এই আবিষ্কার জেট ল্যাগ দূর করতে নতুন ওষুধ বের করতে সহায়তা করবে বলে আশা করছেন গবেষকরা। নতুন এই ওষুধটি মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন তারা।

আমাদের দেহঘড়ি স্থানীয় দিন-রাত্রির সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। এর অর্থ, আমরা রাতে ঘুমাই আর দিনে জেগে থাকি। তবে এটি ক্ষুধা, মানসিক অবস্থা ও রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

আলোর সাহায্যেই এই দেহ ঘড়ি সময় নির্ধারণ করে।
কিন্তু আমরা যখন আকাশ পথে দ্রুত গতিতে বিশ্বের এক পাশ থেকে আরেক পাশে যাই, তখন এই দেহঘড়ি নতুন রাত-দিনের ছকের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নেয়।
এই মানিয়ে নিতে কয়েক দিন সময় লেগে যেতে পারে, এ সময়টিতে দেহে অবসাদ দেখা দেয় যা ‘জেট ল্যাগ’ নামে পরিচিত।