২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই ফেল!

লাইবেরিয়ার রাষ্ট্র পরিচালিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অব লাইবেরিয়া। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই অংশগ্রহণকারী সবাই ফেল করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেছে স্কুল পাস করা প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর সবাই।

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র লাইবেরিয়ায় এ ঘটনা ঘটেছে। এতে দেশটির শিক্ষামন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন বলে বিবিসি জানিয়েছে।

শিক্ষামন্ত্রী এটমোনিয়া ডেভিড তারপেহ বলেছেন, “এটি বিশ্বাস করা শক্ত যে একজন পরীক্ষার্থীও চলতি বছরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করেনি।”

লাইবেরিয়ার রাষ্ট্র পরিচালিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অব লাইবেরিয়া। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেই অংশগ্রহণকারী সবাই ফেল করেছেন।

বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, শিক্ষার্থীদের উৎসাহের অভাব ও ইংরেজি ভাষার দুর্বলতাই এই বিপর্যয়ের কারণ।

এক দশক আগে শেষ হওয়া এক রক্তাক্ত গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টায় আছে লাইবেরিয়া। দেশের শিক্ষাব্যবস্থা এখনও যুদ্ধের বিধ্বস্ত অবস্থা কাটিয়ে উঠতে পারেনি বলে সম্প্রতি স্বীকার করেছিলেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ।