২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আসাদ বিরোধীদের কাছে রাসায়নিক অস্ত্র মিলেছে’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের ব্যবহৃত সুড়ঙ্গ পথে রাসায়নিক অস্ত্রের সন্ধান পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 07:05 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শনিবার সেনা সদস্যরা রাজধানী দামেস্কের উপকণ্ঠ জোবারে বিদ্রোহীদের ব্যবহৃত সুড়ঙ্গ পথে রাসায়নিক অস্ত্রের সন্ধান পায় বলে টেলিভিশনের খবরে বলা হয়। বিষাক্ত গ্যাসে কয়েকজন সেনা শ্বাসকষ্টে ভোগেন বলেও জানানো হয়।

গত সপ্তাহে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারে কয়েকশ’ মানুষ নিহত হয় বলে বিভিন্ন সূত্র জানায়। এ পরিস্থিতিতে বিদ্রোহীদের কাছে রাসায়নিক অস্ত্রের সন্ধান মেলার খবর প্রকাশে ওই রাসায়নিক হামলার দায়ভার নিয়ে চলমান বিতর্কের নতুন মাত্রা পেয়েছে।

ওই হামলার অভিযোগ তদন্তে জাতিসংঘের শীর্ষ নিরস্ত্রীকরণ কর্মকর্তারা এদিন দামেস্কে পৌঁছেছেন। হামলাস্থলে পরিদর্শক পাঠাতে সিরীয় সরকারের সহযোগিতা চান তারা।

এদিকে ভূমধ্যসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর অবস্থান সিরিয়ামুখী করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার ইঙ্গিত পেলেই সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত হয়ে আছে সেগুলো।

বিদ্রোহীদের দমাতে সিরিয়ায় সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো জানানোর পরপরই রণতরীগুলো সিরিয়ামুখী করা হয়েছে।

সিরীয় বিদ্রোহীদের দাবি, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সেনাদের ছোড়া গোলাবারুদের সঙ্গে আসা বিষাক্ত গ্যাসে পাঁচশ’ থেকে এক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গত বুধবার রাতে এ হামলা হয় বলে জানায় তারা।

তবে অভিযোগ অস্বীকার করে সিরিয়া সরকার বলছে, তারা কখনো নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না।

বরং এর আগে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, রণাঙ্গণে সুবিধা পাওয়ার জন্য বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র প্রয়োগ করছে। অবশ্য তাদের সে অভিযোগ উড়িয়ে দিয়েছিল পশ্চিমারা।
এখন বাশার আল-আসাদ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের জন্য উস্কানি দিতে বিদ্রোহীরা সাম্প্রতিক এ রাসায়নিক হামলা চালাতে পারে।