স্পেনের সঙ্গে দ্বন্দ্ব: জিব্রাল্টারে ব্রিটিশ রণতরী
স্পেনের সঙ্গে তীব্র বিরোধ ও উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীতে পৌঁছেছে ব্রিটিশ রণতরী এইচএমএস ওয়েস্টমিনস্টার।
স্পেনের জেলেরা তাদের মাছ ধরার অধিকার নিয়ে ব্রিটেনের বিরুদ্ধে বিক্ষোভ করার পরপরই জিব্রাল্টারে পৌঁছাল এ যুদ্ধজাহাজ। দুটো ছোট জাহাজের পাহারায় রণতরীটি সোমবার জিব্রাল্টার বন্দরে পৌঁছায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ পরিকল্পনার আওতায় নিয়মিত মহড়ার জন্যই জিব্রাল্টার প্রণালীতে যুদ্ধাজাহাজ মোতায়েন করা হয়েছে।তবে স্পেনের অনেকেই এ জাহাজ পাঠানোর কারণ মাদ্রিদকে ভয়-ভীতি দেখানো বলেই মনে করছে।
জিব্রাল্টার প্রণালী স্পেনের দক্ষিণে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে ব্রিটেন এ এলাকা দখল করে রেখেছে। জিব্রাল্টার কর্তৃপক্ষ এলাকাটি নিজেদের দাবি করে ওই এলাকায় স্পেনের জেলেদের মাছ ধরতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।
মাছ ধরায় বাধা সৃষ্টির জন্য জিব্রালন্টরের একটি অংশে ৭০ টি কংক্রিট ব্লক ফেলে কৃত্রিম শৈলশিরাও তৈরি করা হয়েছে। এটি নিয়েই সম্প্রতি বিরোধ বেড়েছে যুক্তরাজ্য, জিব্রাল্টার এবং স্পেনের মধ্যে। এ প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্পেনের মাছ ধরার অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করছে মাদ্রিদ।
তাছাড়া এতে করে সমুদ্রের কয়েকটি জায়গায় প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে স্পেনের জেলেরা। পাল্টা ব্যবস্থা হিসাবে স্পেনও তাদের সীমানায় যে কাউকেই প্রবেশ করতে দিতে কড়াকড়ি করছে। ফলে হয়রানি হচ্ছে পর্যটকরাসহ অন্যরাও।
