২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে কারাগারে সহিংসতা, ৩৮ মুরসি সমর্থক নিহত

মিশরের একটি কারাগারে নিরাপত্তা বাহিনীর সহিংস পদক্ষেপে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৩৮ জন সমর্থক নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Aug 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার রাজধানী কায়রোর উপকণ্ঠের ওই কারাগারে এ ঘটনার জন্য সরকার ও মুরসির দল মুসলিম ব্রাদারহুড একে অপরকে দায়ী করছে।

ব্রাদারহুড অভিযোগ করে বলেছে, নিরস্ত্র মুরসি সমর্থকদের নির্বিচারে হত্যা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বেশি বলেও দাবি করেছে তারা।

তবে আইনগত একটি সূত্র রয়টার্সকে পুলিশ ভ্যানের পেছনে শ্বাসরুদ্ধ হয়ে ৩৮ জন মারা যাওয়ার খবর জানায়।

ওদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৩৬ উল্লেখ করে বলেছে, মুরসি সমর্থকরা 'জেল ভেঙে' পালানোর চেষ্টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাসের কারণে বন্দিদের শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল।

মুসলিম ব্রাদারহুড এ ঘটনার জন্য কর্তৃপক্ষকে দায়ী করে দলটিকে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছে।

সম্প্রতি মিশরজুড়ে গ্রেপ্তার হয়েছে শ’শ’ ব্রাদারহুড সমর্থক। সপ্তাহের পর সপ্তাহব্যাপী বিক্ষোভ দমাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে ব্যাপক ধরপাকড় এবং সেনা অভিযানের মুখেও পিছু না হটার সঙ্কল্প নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড।