২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে ট্রেনে কাটা পড়ে ৩৫ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যের একটি রেলস্টেশনে দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে অন্ততপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে । নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 11:59 AM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সোমবার সকালে রাজ্যের খাগারিয়া জেলার একটি প্রত্যন্ত স্টেশনে এ ঘটনা ঘটে।

এলাকাটি রাজ্যের প্রধান শহর পাটনা থেকে ১৬০ কিলোমিটার দূরে। কাছাকাছি কাত্যায়নি স্থান নামের একটি হিন্দু ধর্মীয় তীর্থস্থানের শিব মন্দির থেকে ফিরছিল নিহতরা।

একটি দ্রুতগামী ট্রেন খাগারিয়া জেলার ধামারা ঘাট রেল স্টেশন পার হওয়ার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের যাত্রীদের ওপর দিয়ে চলে যায়। ওই যাত্রীরা পাশের লাইন পার হয়ে অপেক্ষারত ট্রেনটিতে ওঠার জন্য যাচ্ছিল।

ঘটনার পর উত্তেজিত যাত্রীরা ঘাতক ট্রেনটির চালককে নামিয়ে মারধর করে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। তারা স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়ে রেলওয়ের কর্মীদের অবরু্দ্ধ করে রাখে।

সহিংসতার কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে না পারায় নিহতদের দেহগুলো রেল লাইনের ওপর কয়েক ঘন্টা পড়েছিল। প্রত্যন্ত এই এলাকাটিতে ট্রেন ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই।

ঘটনার প্রতিক্রিয়ায় রেলওয়ের মুখপাত্র অমিতাভ প্রভাকর বলেছেন, “ট্রেন লাইনের ওপর লোকজনের ওঠার কথা নয়, এ বিষয়ে সবসময় সতর্কতা জানানো হয়।”