২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের প্রস্তুতি নিচ্ছেন পাক সেনাপ্রধান কায়ানি

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে ছয় বছর দায়িত্বপালন করার পর আসছে নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি অবসর নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এই পদটিতে তার উত্তরসূরী কে হতে চলেছেন তাই নিয়ে জল্পনা চলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Aug 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

প্রকাশ্যে এ বিষয়ে কোনো কথা শোনা না গেলেও সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকারে কয়েকটি নাম উঠে এসেছে।

এদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো বর্তমান চীফ অব জেনারেল স্টাফ জেনারেল রাশেদ মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক সমন্বয়কারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তারিক খান এবং কায়ানির পর পাকিস্তান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারুন আসলাম।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মে মাসে পাকিস্তানের ক্ষমতায় আসার পর থেকে কায়ানির উত্তসূরী ঠিক করাই হবে তার জন্য সবচেয়ে কঠিন কাজ।

পাকিস্তানের ইতিহাসে দেশটি বেশিরভাগ সময়ই সামরিক শাসনের যাতাকলে ছিল, আর সামরিক শাসন প্রধানত সেনাপ্রধানদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই শুরু হয়। তাই উচ্চাকাঙ্খাহীন পেশাদার মনোভাবের সেনাপ্রধান পছন্দ করাই দিকেই নির্বাচিত প্রধানমন্ত্রীর লক্ষ্য থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের ইতিহাসে গত পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারই একমাত্র সরকার যারা ক্ষমতার মেয়াদ শেষ করতে পেরেছে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই প্রথম পাকিস্তানের ক্ষমতার পরিবর্তন হয়েছে। ক্ষমতায় এসেছে নওয়াজ শরীফের মুসলিমলীগ-নওয়াজ সরকার।

এর আগে কখনোই গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারকে মেয়াদ পূর্ণ করতে দেয়নি সেনাবাহিনী। তার আগেই অস্ত্রবলে ক্ষমতা হাতিয়ে নিয়েছে তারা। এ পর্যন্ত সবগুলো অভ্যুত্থানেই নেতৃত্ব দিয়েছেন সেনাপ্রধান।

বেসামরিক শাসনের সময়ও পাকিস্তানের নিরাপত্তা ও বৈদেশিক নীতি প্রধানত সেনাবাহিনীই নির্ধারণ করেছে।

আগের বার সেনাঅভ্যুত্থানের কারণে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ পূর্ণ করতে পারেননি নওয়াজ। ১৯৯৯ সালে তাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ।

তাই বর্তমানের এই গণতান্ত্রিক ধারাকে রক্ষা করে সেনাশাসন মুক্ত পাকিস্তান চান প্রধানমন্ত্রী নওয়াজ। সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে চান তিনি। দেশের নিরাপত্তা ও বৈদেশিকনীতি নির্ধারণের বিষয়টিও নিজ দায়িত্বে রাথতে চান নওয়াজ ।

আগামী বছর আফগানিস্তান থেকে পশ্চিমাশক্তিগুলো নিজেদের বাহিনী প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে। আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের প্রভাব বৃদ্ধি ঠেকানোর চেষ্টায় আছে পাকিস্তান। তাই স্পর্শকাতর এই সময়ে প্রধানমন্ত্রীর হাতে এ দুটি দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিতে রাজি নাও হতে পারে সেনাবাহিনী।

ক্ষমতাসীন হয়েই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নোয়নের তোড়জোড় শুরু করেছিলেন নওয়াজ শরীফ। কিন্তু এর মধ্যেই সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটে। আপাতভাবে এই গোলাগুলি পাকিস্তানের পক্ষ থেকেই শুরু করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

যা স্পষ্টতই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কন্নোয়নে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উদ্যেগের সঙ্গে যায় না। দুই দেশের সেনাবাহিনী যখন গোলাগুলিতে ব্যস্ত পাকিস্তানের বেসামরিক সরকার শুধু তা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালেও কারগিল যু্দ্ধ শুরু করা নিয়ে কিছুই জানতেন না নওয়াজ। সেনাপ্রধান মোশাররফই সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন, আর পরবর্তীতে এই মোশাররফের কাছেই ক্ষমতা হারান তিনি।

তবে এসব সত্ত্বেও বিদায়ী সেনাপ্রধান কায়ানি রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরেই রেখেছিলেন। এর মাধ্যমে তিনি পাকিস্তানের গণতান্ত্রিক ধারাকে সচল করতে সহায়তা করেন এবং প্রকাশ্যে গণতান্ত্রিক ধারাকে সমর্থন করেন।

কিন্তু কায়ানির উত্তরসূরী নির্বাচন নওয়াজের দ্বিতীয় মেয়াদের জন্য একটি নির্ধারক মূহুর্তও হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।