জর্জের দেখভালের জন্য উইলিয়ামের ন্যানি
সন্তান জর্জের দেখাশোনার জন্য নিজের ন্যানিকেই দায়িত্ব দিতে যাচ্ছেন ব্রিটিশ যু্বরাজ উইলিয়াম। আর এতে সম্মতি রয়েছে স্ত্রী কেট মিডলটনেরও।
জেসি ওয়েব নামে উইলিয়ামের দেখভাল করা ন্যানির বয়স এখন ৭১। বাবা চার্লস ও মা ডায়ানার দাম্পত্য কলহের সময়টুকু এই ন্যানিই উইলিয়ামকে আগলে রেখেছিলেন।
তবে এই ন্যানিকে চাকরিচ্যুত করেছিলেন ডায়ানা নিজেই। কিন্তু এখন সেসব অতীত। তিক্ত স্মৃতি ভুলে জেসি কয়েক সপ্তা আগে জন্ম নেয়া জর্জের দায়িত্ব নেয়ার ব্যাপারে আগ্রহী বলেও জানা গেছে। তাছাড়া বাকিংহাম প্যালেসেরও তার ওপর আস্থা রয়েছে বলে আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে।
বাবা-মায়ের দাম্পত্য কলহের সময়টুকুতে যে ন্যানির স্নেহ-মায়া-মমতায় সিক্ত হয়েছেন নিজের সন্তান জর্জও সেই স্পর্শেই বেড়ে উঠুক এমনটাই চাইছেন উইলিয়াম।
এই মুহূর্তে ছোট্ট জর্জের দায়িত্ব সামলাচ্ছেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন নিজেই। আর তাকে সহায়তা করছেন কেটের মা ক্যারল মিডলটন।
কিন্তু মায়ের কাছে বেশি দিন থাকা হবে না কেটের। ইতোমধ্যে কাজে ফিরে গেছেন উইলিয়াম। কেটকেও রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে।
কিন্তু ছেলে সামলে আবার ওইসব আনুষ্ঠানিকতা কীভাবে পালন করবেন তাই নিয়ে খানিক চিন্তা ভর করে উইলিয়াম-কেট দম্পতির মনে। আর এ সময়ই উইলিয়ামের নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে। মনে পড়ে ন্যানি জেসির কথা।
জেসিকে চাকরিচ্যুত করলেও উইলিয়ামকে দেখাশোনার জন্য ডায়না নিজেই তাকে পছন্দ করেছিলেন। ডায়নার মনে হয়েছিল, রাজ পরিবারের এই আনুষ্ঠানিক পরিবেশে উইলিয়ামের ভেতরে মানবিক সূক্ষ্ম অনুভূতিগুলোর বিকাশ ঘটাতে পারবেন জেসি।
উইলিয়ামকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সময়ও সঙ্গে জেসি থাকতেন। কিন্তু হঠাৎ করেই তাকে আর সহ্য করতে পারেননি ডায়ানা। ফলে চাকরিচ্যুতি।
আজন্ম অবিবাহিতা জেসি উইলিয়ামকে নিজের সন্তানের মতোই দেখতেন। দুই ভাইয়ের মধ্যে পছন্দও করতেন বেশি উইলিয়ামকে।
চাকরিচ্যুতির অনেকদিন পর উইলিয়ামের ২১তম জন্মদিন এবং বিয়েতেও তাকে দাওয়াত দেয়া হয়েছিল। উইলিয়ামের ছেলে খুদে রাজপুত্তুর জর্জ আলেকজান্ডার লুইসের দেখভালের দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত জেসি।
এখন অপেক্ষা, কবে ন্যানির তত্ত্বাবধানে যাচ্ছেন ছোট্ট জর্জ।
