জাপানে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে চার জন আরোহী ছিল।
জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় হেলিকপ্টারের ৪ আরোহীর সবাই বেঁচে গেছেন বলে জানালেও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক খবরে বলেছে, চার জনের অবস্থা জানা যায়নি।
স্থানীয় অধিবাসীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন এক জাপানি কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের মেরিন ক্যাম্প হ্যানসেন এর প্রশিক্ষণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
জাপানি টিভি চ্যানেল থেকে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি জঙ্গলে মার্কিন এইচএইচ-৬০ হেলিকপ্টারে আগুন জ্বলছে। সেখান থেকে ধোয়া উড়তেও দেখা গেছে।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। হেলিকপ্টারটি ওই সময় প্রশিক্ষণ মিশনে ছিল।
প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা সাংবাদিকদের বলেন, “এটি সত্যিই দুঃখজনক। আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত তথ্য সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। আমরা এ দুর্ঘটনার কারণ তদন্ত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানোরও পরিকল্পনা করেছি”।
জাপানের ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে মোতায়েন রাখা হয়েছে হাজার হাজার মার্কিন সেনা।
কিন্তু এই বিদেশি সেনাদের উপস্থিতিতে ওকিনাওয়ার বাসিন্দারা ক্ষুব্ধ। মার্কিন সেনাদেরকে সেখান থেকে উৎখাতের দাবি জানিয়ে এ পর্যন্ত স্থানীয়রা বহুবার বিক্ষোভ করেছে।
এবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক আরো বেড়েছে। যে কোনো সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটার আশঙ্কায় তারা শঙ্কিত।
