পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় বহু মানুষের মৃত্যু
আফগানিস্তানের পূর্বাঞ্চল ও প্রতিবেশী পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে।
বন্যায় দেশ দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হযেছে বলে সোমবার জানিয়েছে বিবিসি অনলাইন।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় রাজধানী কাবুল থেকে ৬৫ কিলোমিটার পূর্বের সারোবি জেলায় ৩৪ জন মারা গেছেন।
পাকিস্তানের বৃহত্তম শহর করাচিও ব্যাপক বন্যায় আক্রান্ত হয়েছে, এতে গত দুইদিনে শহরটিতে ১৬ জন মারা গেছেন।
জরুরি উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় ত্রাণ বন্যাকবলিত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা গুলাম ফারুক জানিয়েছেন, বন্যা আক্রান্ত এলাকাগুলোর কয়েকশ’ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে এবং পূর্বাঞ্চলের কয়েকশ’ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
ড্রেন ও বৃষ্টির পানি আটকে পড়ায় করাচির বেশ কয়েকটি প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। করাচির রাস্তাঘাট পরিষ্কার করার জন্য সেনাবাহিনীকে তলব করা হয়েছে।
বন্যায় পানিতে ডুবে থাকা করাচির বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ওই সব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পোহাচ্ছেন।
পাকিস্তানের পর্বতময় উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বর্ষণজনিত পাহাড়ি ঢলে অনেক ঘরবাড়ি ভেসে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আসছে দিনগুলোতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
পাকিস্তান ও আফগানিস্তানের এই এলাকাগুলোতে গত তিনবছর ধরে ব্যাপক বন্যা হচ্ছে। ২০১০ সালের বন্যা পাকিস্তানের আশি বছরের রেকর্ড ভেঙে দেয়। ওই বন্যায় প্রায় ১৮শ’ মানুষের মৃত্যু হয় ও ২ কোটি ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
