২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মস্কো বিমানবন্দর ছেড়েছেন স্নোডেন’

যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দর ছেড়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিমানবন্দরের কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Aug 2013, 06:34 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

রাশিয়া স্নোডেনকে সাময়িক আশ্রয় মঞ্জুর করার পর তিনি বিমানবন্দর ছাড়েন। গত ২৩ জুন থেকে এ বিমানবন্দরে আটকে ছিলেন স্নোডেন।

তার আইনজীবী আনাতোলি কুচেরেনা বৃহস্পতিবার জানান, বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে রাশিয়ার ভূখন্ডে প্রবেশের প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছেন স্নোডেন। তাকে শরণার্থীর মর্যাদা দেয়া হয়েছে।

কুচেরেনা বলেন, “১৫ /২০ মিনিট আগেই স্নোডেনকে ট্যাক্সিতে তুলে দিয়েছি।সঙ্গে দিয়ে দিয়েছি রাশিয়া ফেডারেশনে তার শরণার্থীর মর্যাদার সনদ। তিনি রাশিয়ার যেখানে থাকতে চান থাকতে পারেন।সেটা তার ব্যক্তিগত পছন্দের ওপরই নির্ভর করছে।”

তবে স্নোডেন কোথায় গেছেন তা প্রকাশ করেননি কুচেরেনা। তিনি কেবল বলেছেন, স্নোডেন মস্কোর কোনো দূতাবাসেই থাকবেন না। যদিও ল্যাটিন আমেরিকার তিনটি দেশ স্নোডেনকে আশ্রয় দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

স্নোডেনের পাসপোর্টের ছবিতে দেখা গেছে তাকে ৩১ জুলাই থেকে ১ বছরের আশ্রয় মঞ্জুর করা হয়েছে।

গত মে মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’(এনএসএ)’র টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার ঘটনা ফাঁস করে দেন ৩০ বছর বয়সী স্নোডেন।

এসব তথ্য ফাঁসের পর তিনি হংকংয়ে চলে যান এবং সেখানে আত্মগোপন করেন। এরপর স্নোডেনকে ধরতে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সরকারি সম্পত্তি তছরুপের কয়েকটি অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। তাকে ফিরিয়ে দেয়ার জন্য হংকংয়ের ওপর যুক্তরাষ্ট্র চাপও সৃষ্টি করে।

এ পরিস্থিতিতে হংকং থেকে মস্কো চলে যান স্নোডেন। ওয়াশিংটন তার পাসপোর্ট বাতিল করে দেয়ায় তিনি মস্কো বিমানবন্দরেই আটকা পড়ে ছিলেন।

বিমানবন্দরে থাকা অবস্থায় স্নোডেনকে ল্যাটিন আমেরিকার তিনটি দেশ রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিলেও আকাশ পথে ওইসব দেশে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়ার ভয়ে সে প্রস্তাবে সায় দেননি তিনি।