২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে জঙ্গি হামলায় শীর্ষ আসাদপন্থী নিহত

লেবাননে জঙ্গি হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শীর্ষ সমর্থক মোহাম্মদ দারা জামো নিহত হয়েছেন। প্রতিবেশি লেবাননে সিরিয়ার গৃহযু্দ্ধ ছড়িয়ে পড়ার সর্বশেষ নজির এটি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jul 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার ভোররাত ২টায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো।

জামো সিরিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতেন। মাঝে মাঝে তাকে আরব টিভি চ্যানেলগুলোতেও দেখা যেতো।

সূত্রগুলো জানিয়েছে, জামোর হত্যাকারী জঙ্গিরা তার বাড়িতেই লুকিয়ে ছিল। এ সময় স্ত্রী তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।

সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সানা এ হত্যাকাণ্ডের জন্য “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠিকে” দায়ী করেছে, আর লেবাননের নিরাপত্তা বাহিনী এ হত্যাকাণ্ডের জন্য সিরিয়ার বিদ্রোহীরা প্রধান সন্দেভাজন বলে জানিয়েছে।

১৫ বছর ধরে চলা লেবাননের গৃহযুদ্ধ ১৯৯০ সালে শেষ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে নিজেকে দূরে রাখতে সংগ্রাম করে যাচ্ছে লেবানন।

কিন্তু সিরিয়ার বিরোধী দুই পক্ষের লেবাননি সমর্থকরা পরস্পর গাড়িবোমা হামলা ও বন্দুকযুদ্ধের মাধ্যমে ক্রমেই সিরিয়ার গৃহযুদ্ধকে নিজ দেশে টেনে আনছে।

মঙ্গলবার লেবাননের শিয়া গোষ্ঠি হিজবুল্লাহর সদস্যদের বহনকারী একটি গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সিরিয়া সীমান্তের কাছে একই গাড়িবহরের ওপর আবার গুপ্ত হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর এক কর্মকর্তা নিহত ও অপর দুজন আহত হন।

সিরিয়ার গৃহযুদ্ধে শিয়া প্রেসিডেন্ট আসাদের পক্ষ হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ গেরিলারা। গোষ্ঠিটি লেবাননের সবচয়ে প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক শক্তি।

সিরিয়ার সুন্নি বিদ্রোহীরা হিজবুল্লাকে লক্ষস্থল করার হুমকী দিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় চালানো এক গাড়িবোমা হামলায় ৫০ জন আহত হন। এর আগে মে’র শেষ দিকে ওই এলাকায় রকেট হামলা চালানো হয়েছিল।

সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৯০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।