মিশরে অচলাবস্থার মধ্যে নতুন সরকারের যাত্রা শুরু
মিশরে বেসামরিক শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি পুনরুদ্ধারের গুরুদায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেছে নতুন অন্তর্বর্তী সরকার।
দেশব্যাপী সহিংস বিক্ষোভের পাশাপাশি প্রভাবশালী ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে রাজনৈতিক অচলাবস্থার কারণে জটিল পরিস্থিতির মধ্য দিয়েই এগুতে হচ্ছে সরকারকে।
মঙ্গলবার মিশরে অন্তর্বর্তী মন্ত্রিসভা শপথ নেয়ার পর পরই এ সরকারকে ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুড।
ব্রাদারহুডের মুখপাত্র গেহাদ আল হাদ্দাদ বলেন, “আমরা এ সরকারের কাউকে স্বীকৃতি দেই না।সরকারের প্রতিনিধি হিসাবে আমরা তাদের কর্তৃত্বও স্বীকার করি না”।
সোমবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর বিক্ষোভ-সংঘর্ষে বহু মানুষ হতাহত হওয়ার কয়েক ঘন্টা পর দেশটিতে শপথ নেয় নতুন মন্ত্রিসভা।
সর্বশেষ সহিংসতার ঘটনায় ৭ জন নিহত হওয়া নিয়ে মিশরে মুরসির পতনের পর থেকে নিহতের সংখ্যা অন্তত ৯৯ জনে দাঁড়িয়েছে।
এ সংঘাতের কারণে সমাজে সামরিক বাহিনীর সমর্থক ও বিরোধীদের মধ্যে মেরুকরণ ক্রমেই প্রকট হচ্ছে।
ব্রাদারহুডের সমর্থকরা এখনো শান্ত হয়নি। বুধবারও হাজার হাজার ব্রাদারহুড সমর্থক কায়রোর উত্তর-পূর্বের রাবা আদাওয়িয়া মসজিদের বাইরে বিক্ষোভে জড়ো হয়েছে।এ বিক্ষোভ শিগগিরই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এ বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেই কাজ করে যেতে হবে নতুন সরকারকে।সচল করতে হবে দেশের অর্থনীতি।কিন্তু সেকাজ করাও সরকারের জন্য খুব সহজ হবে না।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত মিশরকে বিপুল অঙ্কের নগদ অর্থ এবং ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিলেও অনেক বিনিয়োগকারীই দেশটিতে স্থায়ী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বড় কোনো ধরনের সংস্কারকাজ হওয়ার ব্যাপারে সন্দিহান।
মিশরে পার্লামেন্ট নির্বাচন শুরু হতে ৬ মাস সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
