‘আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতার মৃত্যু’
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আরব উপদ্বীপের আল কায়েদার (একিউএপি)দ্বিতীয় শীর্ষনেতা নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে।
একিউএপ’র পক্ষ থেকে বুধবার এ বিষয়টি নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিবেচনায় সৌদি নাগরিক সাইদ আল সেহরি নামে ওই ব্যক্তি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত অন্যতম গুরুত্বপূর্ণ নেতা যাকে গুয়ান্তানামো কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছিল।
পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হলে ২০০২ সালের জানুয়ারিতে সাইদকে ওই কারাগারে পাঠানো হয়।
চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছিল, সাইদ দেশটির উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে ২০১২ সালের ২৮ নভেম্বর ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর এক অভিযানে আহত হওয়ার পর মারা যান।
অনলাইনে দেয়া একিউএপি’র জ্যেষ্ঠ কর্মকর্তা ইব্রাহিম আল রুবাইশের এক ভিডিও বিবৃতিতে জানানো হয়, তিনি (সাইদ) ড্রোন হামলায় নিহত হয়েছেন। তবে কখন তিনি মারা গেছেন এ বিষয়ে বিবৃতিতে কোনোকিছু উল্লেখ করা হয়নি।
আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট ওই ভিডিওবিবৃতির তথ্য জানিয়েছে।
বিবৃতিতে রুবাইশ বলেন “যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সাইদ আল সেহরির শাহাদতে আমি সকল মুজাহিদিনের প্রতি শোক জ্ঞাপন করছি।”
যুক্তরাষ্ট্রের বিবেচনায় একিউএপি সম্ভবত আল কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা যারা আন্তর্জাতিক পর্যায়ে বিমানে হামলা চালানোরও পরিকল্পনা করেছিল।
