২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় শরণার্থীবাহী নৌকাডুবি, নিহত ৪

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের উপকূলে প্রায় দেড়শ’ শরণার্থীবাহী একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নৌবাহিনীর দুটি জাহাজ ১৪৪ জনকে সাগর থেকে উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

ডুবে যাওয়ার সময় নৌকাটি ক্রিসমাস দ্বীপ থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে ছিল বলে অস্ট্রেলিয়ার সীমান্ত কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জেসন ক্লেয়ার জানিয়েছেন, নৌবাহিনীর উদ্ধারকারীরা রাতে সাগর থেকে ১শ’ ৪৪ জনকে জীবিত ও অপর চারজনের মৃতদেহ উদ্ধার করেছে।

নৌবাহিনীর জাহাজ দুটি শরণার্থীবাহী নৌকাটিকে পাহারা দিয়ে ক্রিসমাস দ্বীপে নিয়ে যাচ্ছিল। সেখানকার একটি কারাগারে তাদের রাখার প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়।

শরণার্থীদের অধিকাংশই আফগানিস্তান, ইরান ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী অনেক শরণার্থী ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ক্রিসমাস দ্বীপ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। তাদের আশা থাকে একবার দ্বীপটিতে পৌঁছতে পারলেই অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পৌঁছানো যাবে।

দ্বীপটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ২ হাজার ৫শ’ ৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ইন্দোনেশিয়ার কাছের এই দ্বীপটি অস্ট্রেলিয়ায় মানব চোরাচালানের পথে প্রধান পথ।