মিশরে ইসলামপন্থীদের প্রতিবাদ বাড়ছে
প্রায় লাখ খানেক মিশরীয় শুক্রবার রাজধানী কায়রোর নগর কেন্দ্রগুলোতে জড়ো হয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে। ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে সেনাবাহিনীর ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা।
মুরসির মুসলিম ব্রাদারহুডের একদল সমর্থক তাহরির স্কয়ারের কাছের রামেসিস স্ট্রিট ধরে প্রতিবাদ মিছিল করেছে, আর কয়েকশ’ সমর্থক ৬ অক্টোবর সেতুতে প্রতিবাদ মিছিল করেছে। সপ্তাহ খানেক আগে এই সেতুতেই মুরসি বিরোধীদের সঙ্গে মুরসি সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
অপরদিকে, তাহরির স্কয়ারে মুরসিবিরোধী একটি গোষ্ঠীর কয়েক হাজার সমর্থক একটি ইফতার পার্টিতে সমবেত হয়েছিল।
মাত্র কয়েকশ’ মিটার দূরে পরস্পরবিরোধী দুই পক্ষের এ অবস্থানের কারণে যে কোনো সময় আবারো সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল।
এক সপ্তাহ আগে শেষ শুক্রবারে দেশজুড়ে মুরসি সমর্থক ও মুরসি বিরোধীদের মধ্যে সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছিল। এছাড়া আহত হয়েছিল আরো কয়েকশত।
এর তিনদিন পরই, রিপাবলিকান গার্ডের সেনা ছাউনির সামনে সেনাদের গুলিতে মুসলিম ব্রাদারহুডের ৫৩ জন সমর্থক নিহত হয়েছিল। এই সেনা ছাউনিতেই ক্ষমতাচ্যুত নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে আটক রাখা হয়েছে।
এ্রই রক্তপাতে মিশরীয় সমাজ গভীরভাবে ইসলামপন্থী ও বিরোধী শিবিরে বিভক্ত হয়ে পড়েছে।
সেনা-ব্রাদারহুডের এই সংঘাতে নিরাপত্তা বাহিনীর চারজন সদস্যও নিহত হয়েছেন। এদের হত্যার জন্য সেনাবাহিনী “সন্ত্রাসীদের” দায়ী করেছে। আর মুরসি সমর্থকরা একে গণহত্যা বলে দাবি করেছে।
তাদের দাবি ভোরে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার সময় বিনা উস্কানিতে সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে।
মুসলিম ব্রাদারহুডের মূল দাবি, মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল, কিন্তু তাদের এ দাবি বর্তমান অবস্থায় অসম্ভব বলেই বোধ হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মুরসিকে ছেড়ে দেওয়ার কথা বলেছে। তবে এ বিষয়ে দাপ্তরিক কোনো বিবৃতি দেয়নি দেশটি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকিকে জিজ্ঞেস করা হয়েছিল, জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সহমত কিনা।
উত্তরে সাকি বলেন, “আমরা সহমত।”
যুক্তরাষ্ট্র মিশরের কর্মকর্তা ও সেনাবাহিনীর প্রতি দাপ্তরিকভাবে মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান জানাবে কিনা এ প্রশ্ন করা হলে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।
ওদিকে, কায়রোয় একটি মসজিদের সামনে প্রায় তিন সপ্তাহ ধরে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করে আছে মুরসি সমর্থকরা। বাস যোগে বিভিন্ন প্রদেশে থেকে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা এসে যোগ দেয়ায় এখানে কর্মসূচী পালনকারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
