২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের অন্তর্বর্তী নেতা এলবারাদি

জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের তিন দিন পর মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ এলবারাদি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Jul 2013, 06:56 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

শনিবার বিকালে মিশরের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ এলবারাদির নাম ঘোষণা করা হয়। রাতে তিনি শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

সরকারবিরোধী গণবিক্ষোভের মধ্যে গত বুধবার ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনাবাহিনী। মুরসির বিরুদ্ধে আন্দোলনে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এলবারাদি।

মুরসি ক্ষমতাচ্যুৎ হওয়ার পরদিন মিশরের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন আদলি মাহমুদ মনসুর।

এদিকে মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার মিশরজুড়ে বিক্ষোভ করে তার দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থক। তাদের সঙ্গে মুরসিবিরোধী ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়। আহত হয় এক হাজারের বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে দেশকে সংকট থেকে বের করে আনার উপায় খুঁজতে শনিবার সেনাপ্রধান ও এলবারাদিসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট মনসুর।

পরে আবার প্রেসিডেন্ট প্রাসাদে এলবারাদিকে ডেকে পাঠান তিনি।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শপথ নেবেন।

এদিকে এলবারাদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রত্যাখ্যান করেছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি।

দলটির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ওয়াশিংটনের ইচ্ছায় এলবারাদিকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান এলবারাদি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে দেশটির তিন দশকের বেশি সময়ের সামরিক শাসক হোসনি মোবারকের পতনের দাবিতে আন্দোলনের সময় দেশে ফেরেন এলবারাদি। মোবারকের পতনের পর রাজনৈতিক দল ন্যাশনাল কোয়ালিশন ফর চেঞ্জ গঠন করেন তিনি। পরে দেশের উদার ও বামপন্থী দলগুলোর জোট ন্যাশনাল সালভেশন ফ্রন্টের সমন্বয়কের দায়িত্বে আসেন। অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এলবারাদির দায়িত্ব গ্রহণকে পশ্চিমা দেশগুলো স্বাগত জানাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।