২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৌনে দুই লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় পৌনে দুই লাখ গাড়ি ফিরিয়ে নেবে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 08:55 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

গাড়িগুলোর বৈদ্যুতিক পাওয়ার স্টিয়ারিং পদ্ধতিতে সমস্যা ধরা পড়ায় গাড়িগুলো ফিরিয়ে নিচ্ছে টয়োটা, জানিয়েছে এনডিটিভি।

এসব গাড়িগুলোর মধ্যে নভেম্বর ২০১০ থেকে মার্চ ২০১২ সময়ের মধ্যে তৈরি করা ইয়ারিশ মডেলের গাড়িও আছে। এছাড়া এসব গাড়ির মধ্যে ভার্সো-এস মডেলের গাড়িও আছে। এগুলো সবই সাম্প্রতিক সময়ের মডেল।

এক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, মডেলগুলোর পাওয়ার স্টিয়ারিং নিয়ন্ত্রণ মডিউলগুলোর তারে পানির ফোঁটা পড়লে গাড়িগুলোতে শর্ট সার্কিট হতে পারে। এতে পাওয়ার স্টিয়ারিংয়ের যন্ত্রপাতি অকেজো হয়ে পড়তে পাওয়ার স্টিয়ারিং ভারী হয়ে যেতে পারে।

ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়া গাড়িগুলোর মধ্যে জাপান থেকে প্রায় এক লাখ ৩০ হাজারটি, ইতালি থেকে ৭ হাজার ৪শ’, জার্মানি থেকে ৭ হাজার ৫০টি এবং ফ্রান্স থেকে ৭ হাজারটি।

এছাড়া ব্রিটেন ও যুক্তরাষ্ট্র থেকেও গাড়ি ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখপাত্র শিওরি হাশিমোতো।

তবে এ সমস্যার কারণে এ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

গাড়িগুলো ফিরিয়ে এনে পাওয়ার স্টিয়ারিং মডিউলগুলো পাল্টানো হবে। প্রতিটি মিডিউল পাল্টাতে দুই ঘন্টার মতো লাগবে বলে জানান তিনি। তবে এ কার্যক্রমে কোম্পানির মোট কত ব্যয় করতে হবে তা জানাতে অস্বীকার করেন তিনি।