২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানাবে বলিভিয়া

যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে বহনের সন্দেহে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বহনকারী একটি বিমানকে ইউরোপের কয়েকটি দেশ তাদের আকাশসীমায় ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ বলিভিয়া এর বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করবে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এবং ইতালি তাদের আকাশসীমায় বিমানটিকে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছে বলিভিয়া। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর এ ধরনের আচরণের সমালোচনা করেবলিভিয়া একে ‘আগ্রাসী কাজ’ বলে মন্তব্য করেছে।

বলিভিয়ার জাতিসংঘ দূত সাচা লরেন্টি জেনেভায় সাংবাদিকদের বলেন, তিনি ইউরোপীয় দেশগুলোর এ কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করবেন।তিনি বলেন, “এ দেশগুলোর সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।আমরা জাতিসংঘ মহাসচিবের কাছে এর নিন্দা জানানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছি।”

বলিভিয়ার প্রেসিডেন্ট মস্কো থেকে দেশে ফেরার পথে এ বিমানে স্নোডেন রয়েছেন সন্দেহে এটির গতিপথ পরিবর্তন করিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নামানো হয়। কিন্তু অস্ট্রিয়া পরে জানায়, বিমানটিতে স্নোডেন থাকার তথ্যটি ছিল আসলে গুজব।

স্নোডেন রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকা ছেড়েছেন এমন কোনো নজির দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

কিন্তু ওই গুজবের কারণে মস্কো থেকে বলিভিয়ায় ফিরে যাওয়ার পথে ইউরোপের দেশগুলো তাদের আকাশসীমায় মোরালেসকে বহনকারী বিমান উড়তে দেয়নি। তবে ফ্রান্স এবং স্পেন এ অভিযোগ অস্বীকার করেছে।

পুরনো খবর:

স্নোডেন আছে সন্দেহে মোরালেসের বিমানকে বাধা