স্নোডেন আছে সন্দেহে মোরালেসের বিমানকে বাধা
যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে বহন করা হচ্ছে, এই সন্দেহে রাশিয়া থেকে ফেরার পথে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিমানকে জোর করে অস্ট্রিয়ায় নামানো হয়েছে।
এর আগে ফ্রান্স ও পর্তুগাল মোরালেসের বিমানের জন্য আকাশ পথ ব্যবহার করার অনুমতি বাতিল করে, এতে সূচি ছাড়াই বিমানটি ভিয়েনা বিমানবন্দরে নামতে বাধ্য হয়।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে স্নোডেন আছেন এই তথ্য পরে গুজব বলে প্রমাণিত হয়।
স্নোডেন রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকা ছেড়েছেন এমন কোনো নজির দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার স্নোডেন, বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার এনএসএ’র গোপন কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস করে দেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণের অভিযোগ ওঠে এনএসএ তথা ওয়াশিংটন সরকারের বিরুদ্ধে।
বিশ্বব্যাপী এ নিয়ে তৈরি হওয়া ব্যাপক বিতর্কে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। ক্ষিপ্ত ওবামা প্রশাসন স্নোডেনের বিরুদ্ধে আইনি অভিযোগ গঠন করে তাকে পাকড়াও করতে মরিয়া হয়ে ওঠে।
তথ্য ফাঁস করাকালীন হাওয়াই থেকে হংকং চলে যাওয়া স্নোডেন পরববর্তী সময়ে রাশিয়া চলে যান। তবে রাশিয়া পৌঁছা অব্দি এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি দেশটির শেরমেতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন।
এক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড চোকুইহুষ্ণা বলেছেন, “স্নোডেন আছেন এমন ভিত্তিহীন সন্দেহে বিমানটি নামানো হয়েছে।”
“আমরা জানিনা কে এই মিথ্যা তথ্যটি উদ্ভাবন করেছে। এতে আমারা অসন্তুষ্ট হয়েছি কারণ এতে প্রেসিডেন্টের জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল,” বলেন তিনি।
স্নোডেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা দেশগুলোর মধ্যে বলিভিয়া অন্যতম। দেশটির প্রেসিডেন্ট মোরালেস এক জ্বালানি সম্মেলনে অংশগ্রহণের জন্য রাশিয়া গিয়েছিলেন। স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়টি তিনি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন।
জোর করে প্রেসিডেন্টের বিমান নামানোর পেছনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের হাত আছে বলে মনে করছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী রুবেন সাভেদ্রা।
হংকং থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্নোডেন রাশিয়া যান। তারপর থেকে তার যাওয়ার জায়গা ক্রমশই সংকুচিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্র তার এ নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিলে চরমমূল্য দিতে হবে।
