'পদত্যাগ না করলে ক্ষমতাচ্যুত হবেন মুরসি'
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলে সংশয় প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম।
দেশের সঙ্কট নিরসনের জন্য সেনাবাহিনীর বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা বুধবারই শেষ হচ্ছে। এর মধ্যে মুরসি প্রেসিডেন্ট পদ থেকে সরে না গেলে তাকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে পত্রিকাটি।
সেনাবাহিনীর পরিকল্পনা সম্পর্কে আল আহরাম জানিয়েছে, ভবিষ্যৎ কর্মপন্থা হিসেবে সেনাবাহিনী তিন সদস্যের একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠন করবে।এর প্রধান হিসেবে নিয়োগ করা হবে সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধানকে।
এক খবরে পত্রিকাটি বলেছে- “আল-আহরাম জেনেছে যে, সেনাবাহিনীর বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার মধ্যে দু’টি ঘটনার যেকোনো একটি ঘটতে পারে। হয় প্রেসিডেন্ট মুরসিকে পদত্যাগের ঘোষণা দিতে হবে, নয়ত, সামরিক বাহিনী তাদের রোড ম্যাপ অনুযায়ী তাকে সরিয়ে দেয়ার ঘোষণা দেবে।”
পত্রিকাটি আরো জানায়, ওই রোড ম্যাপ অনুযায়ী একজন সামরিক নেতার নেতৃত্বে গঠন করা হবে একটি অন্তর্বর্তী নিরপেক্ষ সরকার।এ সরকারের মেয়াদ হবে ৯ মাস থেকে এক বছর। নতুন সংবিধানের খসড়া তৈরি এবং প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রস্তুত করবে এ সরকার।
সেনাবাহিনীর দেয়া সময়সীমা ফুরিয়ে আসতে থাকায় চরম উত্তেজনা বিরাজ করছে মিশরে। শেষ মুহূর্তের সঙ্কটকালীন আলোচনায় বসেছেন দেশটির উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা। মিশরের স্থানীয় সময় বিকাল ৫ টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) শেষ হচ্ছে সেনাবাহিনীর দেয়া সময়সীমা।
সেনাবাহিনীর কমান্ডার এবং প্রেসিডেন্ট মুরসি উভয়ই একে অপরের বিরুদ্ধে জীবন দিয়ে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
ক্ষমতা ধরে রেখে জীবন দিয়ে হলেও সাংবিধানিক বৈধতা রক্ষা করবেন বলে ঘোষণা দিয়েছেন মুরসি। “বৈধতা রক্ষা করার মূল্য হবে আমার জীবন, বৈধতাই দেশ রক্ষার একমাত্র নিশ্চয়তা,” বলেন তিনি।
তার এ বক্তব্যের পর মিশরের সেনাবাহিনীও বলেছে, দেশের জনগণকে রক্ষার জন্য তারা মরতেও প্রস্তুত। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের জনগণকে যে কোনো সন্ত্রাসী, উগ্রবাদী ও বোকামিপূর্ণ পদক্ষেপ থেকে রক্ষার জন্য সেনাবাহিনী জীবন উৎসর্গ করবে।
সেনাবাহিনী নতুন প্রেসিডেন্ট নির্বাচনের রূপরেখা তৈরি করা ছাড়াও নতুন সংবিধান স্থগিত করা এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
তবে এ খবর সত্য নয় এবং বেঁধে দেয়া সময়সীমা শেষের পর পরবর্তী করণীয় নিয়ে আলোচনাও শুরু হতে পারে বলে আভাস দেয়া হয়েছে এক সামরিক সূত্রে।ওদিকে, দেশটির একটি বিরোধী দলও ইতোমধ্যেই পরিস্থিতির মধ্যস্ততা করতে সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে।
