সাংবিধানিক বৈধতা রক্ষার ঘোষণা মুরসির
ক্ষমতা ধরে রেখে জীবন দিয়ে হলেও সাংবিধানিক বৈধতা রক্ষা করবেন বলে ঘোষণা দিয়েছেন মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। সংবিধান স্থগিত করে ইসলামপন্থীদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে সেনা জেনারেলদের পরিকল্পনার মুখে এ ঘোষণা দিলেন তিনি।
বুধবার ভোররাতে সেনাবাহিনীকে অগ্রাহ্য করে দেয়া এক টেলিভিশন ভাষণে মুরসি এসব কথা বলেন।
সেনাবাহিনীর হুমকির জবাবে ভাষণটি দেন তিনি। এর আগে দেশব্যাপী চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট সমাধানে সরকার বিরোধীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার দাবি জানিয়ে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে তা বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছিল সেনাবাহিনী।
৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে সঙ্কট সমাধানে নিজস্ব পরিকল্পনা চাপিয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে সেনাবাহিনী।
বুধবার বিকাল ৫টায় সেনাবাহিনীর বেঁধে দেয়া ৪৮ ঘন্টার সময়সীমা (আল্টিমেটাম) শেষ হবে।
এর জবাবে মুরসি বলেন, গত বছর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে অনুমোদিত গণতান্ত্রিক শৃঙ্খলা থেকে কোনো ধরনের বিচ্যুতি মিশরকে বিপদের মুখে ঠেলে দেবে।
“বৈধতা রক্ষা করার মূল্য হবে আমার জীবন, বৈধতাই দেশ রক্ষার একমাত্র নিশ্চয়তা,” বলেন তিনি।
গভীর রাতে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, কায়রোর কেন্দ্রীয় এলাকায় ও দেশব্যাপী লাখো মানুষ ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের রাজনীতিবিদদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছিল। সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের এটি তৃতীয় রাত।
নিজের জঙ্গি সমর্থকদের দিকে ইঙ্গিত করে সেনাবাহিনীকে সতর্ক করে তিনি বলেন, “আমরা একে অপরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি না। আমরা শুধু আমাদের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করছি।”
সাবেক স্বৈরাচারী সরকারের অংশীদারদের ছলনাপূর্ণ ডাকে সাড়া না দিতে মিশরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মুরসি বলেন, “বোকামি করো না। ফাঁদে পা দিও না। তোমাদের বিপ্লবকে চুরি করতে দিয়ো না তাদের।”
মুরসি বেপরোয়া ভাষণের পাশাপাশি তার সমর্থকরাও বেপরোয়া আচরণ করেছে। কায়রো বিশ্ববিদ্যালয়ে তার সমর্থক ইসলামপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত ও ৯৭ জন আহত হয়েছে।
বিরোধী ফ্রন্ট্রের এক মুখপাত্র মুরসির এই ভাষণকে “সরাসরি গৃহযুদ্ধের ডাক” বলে অভিহিত করেছেন।
