২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তি: বিপত্তিতে ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তি

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দূতাবাসগুলোতে আড়ি পেতেছে বলে যে অভিযোগ উঠেছে তাতে বাণিজ্য চুক্তি করা নিয়ে যুক্তরাষ্ট্র-ইইউ’র নির্ধারিত আলোচনা ভেস্তে যেতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় এ মুক্ত বাণিজ্য চুক্তি করা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে ৮ জুলাইয়ে।

কিন্তু ওঁলাদ সতর্ক করে দিয়ে বলেছেন, আড়িপাতা ‘অবিলম্বে’ বন্ধ করার নিশ্চয়তা পাওয়া ছাড়া কোনো আলোচনা হতে পারে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর আগে আড়িপাতার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো কাজ করা ‘অস্বাভাবিক’ কিছু নয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের এ আচরণ স্নায়ুযুদ্ধের কথাই মনে করিয়ে দেয় এবং বন্ধুদেশগুলোর ওপর এ ধরনের তৎপরতা মেনে নেয়া যায় না বলে ইতোমধ্যেই মন্তব্য করেছে জার্মানি।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ত বলেন, তার দেশ বাণিজ্য চুক্তির লক্ষ্যে অগ্রসর হতে চায়। কিন্তু কোনো চুক্তিতে পৌঁছতে হলে পারষ্পরিক আস্থা থাকা জরুরি।

গোপন মার্কিন নথির ঊদ্ধৃতি দিয়ে জার্মানির ‘ডার স্পাইগেল’ ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ফ্রান্স, ইতালি এবং গ্রিসসহ বন্ধুভাবাপন্ন ইউরোপীয় দেশগুলোর দূতাবাস এবং ইইউ মিশনগুলোতে গুপ্তচরবৃত্তি করছে।

ম্যাগাজিনটি জানিয়েছে, বহুল আলোচিত সিআইএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এ তথ্য ফাঁস করেছেন। বংস্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগ আনা হয়েছে। স্নোডেন বর্তমানে মস্কোয় আছেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স এবং জার্মানির গ্রিন পার্টি স্নোডেনকে আশ্রয় দেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ এর ব্যাংক খাতে লেনদেন এবং যাত্রী রেকর্য তথ্য সংক্রান্ত যে সব চুক্তি রয়েছে তা বাতিল করারও আহ্বান জানিয়েছেন গ্রিন পার্টির নেতারা।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের ‘স্নায়ুযুদ্ধকালীন’ আচরণ মানব না: জার্মানি