যুক্তরাষ্ট্রের ‘স্নায়ুযুদ্ধকালীন’ আচরণ মানব না: জার্মানি
জার্মান সরকার সোমবার বলেছে, ইউরোপীয় ইউনিয়নের দপ্তরগুলোতে যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবর সত্য হয়ে থাকলে মিত্র দেশগুলো এ স্নায়ুযুদ্ধকালীন আচরণ মেনে নিতে পারবে না।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ত বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যালয় এবং ইইউ এর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবর সত্য হলে আমরা স্পষ্টতই বলছি যে, বন্ধুদেশগুলোর ওপর এ ধরনের আচরণ মেনে নেয়া যাবে না।”
যুক্তরাষ্ট্রের এ আচরণ স্নায়ুযুদ্ধের সময়কার কথা মনে করিয়ে দেবে বলে (যে সময় শক্রর বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চালানো হত) মন্তব্য করেছে জার্মানি।
ওদিকে, ইউরোপীয় কমিশনও ইতোমধ্যেই হুঁশিয়ার করে বলেছে, এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি বিপদের মুখে পড়তে পারে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ইইউ-যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্য চুক্তি চায় জার্মানি।কিন্তু, “ কোনো সমঝোতায় পৌঁছতে গেলে পারষ্পরিক আস্থা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন মের্কেলের মুখপাত্র।
গোপন মার্কিন নথির বরাত দিয়ে জার্মানির ‘ডার স্পাইগেল’ ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দপ্তরে গুপ্তচরবৃত্তি করেছে।
ম্যাগাজিনটি জানিয়েছে, বহুল আলোচিত সিআইএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এ তথ্য ফাঁস করেছেন।
