ম্যান্ডেলার আদর্শে চলুন : আফ্রিকার প্রতি ওবামা
আফ্রিকা মহাদেশ বর্ণবাদবিরোধী কিংবদন্তী কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার আদর্শ অনুসরণ করবে বলে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এছাড়া শান্তি ও সমৃদ্ধির পথে দক্ষিণ আফ্রিকার এগিয়ে চলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও কথা দিয়েছেন তিনি।
রোববার কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় ওবামা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি ওবামা বলেন, বর্ণবাদের বিরুদ্ধে ম্যান্ডেলার সংগ্রাম স্বাধীনতা ও সুযোগের পথ তৈরি করে দিয়েছে যা দক্ষিণ আফ্রিকার সীমানা ছাড়িয়ে গেছে।
“একজন মানুষের সাহস যে বিশ্বকেও নাড়িয়ে দিতে পারে এটি নেলসন ম্যান্ডেলা আমাদের দেখিয়েছেন,” বলেন ওবামা।
দারিদ্র, রোগ, যুদ্ধ ও সরকারি দুর্নীতি সমূলে উৎপাটন না করা পর্যন্ত হাল না ছাড়তে শ্রোতাদের প্রতি আহ্বান জানান তিনি।
“এখানে একটি শক্তি আছে, আফ্রিকা জেগে উঠছে। এই অগ্রগতি সম্পর্কে আমরা জানি, যদিও একটি ভঙ্গুর ভিত্তির ওপর এটি দাঁড়িয়ে আছে, এর গতিপথ মসৃণ নয়,” বলেন তিনি।
ওবামা বলেন, রোবেন দ্বীপে সফর তার জন্য শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, কারণ তার এ অভিজ্ঞতা তার দুই মেয়ে মালিয়া (১৫), সাশার (১২) সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরেছেন তিনি।
“আমি জানি তারা মাদিবা ও তার সঙ্গীদের আত্মত্যাগ সম্পর্কে আরো ভালভাবে জানতে পেরেছে,” ম্যান্ডেলার খোসা গোত্রীয় নাম উচ্চারণ করে বলেন ওবামা।
তিন জাতির আফ্রিকা সফরের দ্বিতীয় পর্বে দক্ষিণ আফ্রিকায় ছিলেন ওবামা। এই সফরের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও তার পরিবার জনমানবহীন রোবেন দ্বীপের সাবেক কারাগার পরিদর্শনে যান। রোবেন দ্বীপের এই কারাগারের নিরানন্দ পরিবেশে ম্যান্ডেলা তার ২৭ বছরের কারাজীবনের মধ্যে ১৮টি বছর কাটিয়েছিলেন।
