পূর্বঘোষণা ছাড়াই আফগানিস্তানে ক্যামেরন
পূর্বঘোষণা ছাড়াই আফগানিস্তান সফর করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শনিবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ব্রিটিশ সেনাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এদিন দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়। এরমধ্যেই আফগানিস্তানে যান প্রধানমন্ত্রী।
“আমি মাত্র আফগানিস্তানে পৌঁছেছি- যে সেনারা আমাদের নিরাপদ রাখতে কাজ করছে আজ সশস্ত্র বাহিনী দিবসে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই,” এক টুইটে বলেন ক্যামেরন।
কাবুলে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদরদপ্তরে তালেবানের জঙ্গি হামলার চার দিনের মাথায় দেশটিতে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
এদিকে, বার্তা্ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের সঙ্গে ভেস্তে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টার অংশ হিসেবে আফগানিস্তান সফরে গেছেন ক্যামেরন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনায় বসার উদ্যোগ নেয়। কিন্তু আফগান সরকার তাতে আপত্তি জানালে ভেস্তে যায় শান্তি আলোচনার পরিকল্পনা।
বর্তমানে আফগানিস্তানে যুক্তরাজ্যের প্রায় আট হাজার সেনা তালেবানবিরোধী লড়াইয়ে নিয়োজিত রয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া আফগান যুদ্ধের সমাপ্তি টানতে চায় পশ্চিমা দেশগুলো। আগামী বছর সেখান থেকে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সরে আসার কথা রয়েছে। তার আগে আফগানিস্তানে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে পশ্চিমারা।
এ বিষয়ে ক্যামেরন সাংবাদিকদের বলেন, “নিরাপত্তা সমস্যার সমাধানের পাশাপাশি আমরা একটি রাজনৈতিক সমঝোতাও চাই।”
“আফগানিস্তান যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না পারে সেজন্য আমরা এখানে এসেছিলাম। আমরা সে কাজ সফলতার সঙ্গে শেষ করেছি।”
