মিশরে মুরসির বিরুদ্ধে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩
মুসলিম ব্রাদারহুড সমর্থিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধীদের ডাকা রোববারের মহাসমাবেশকে সামনে রেখে মিশরের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস হয়ে উঠেছে। মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন।
শুক্রবার আলেকজান্দ্রিয়া শহরে সরকারবিরোধীরা ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের একটি কার্যালয়ে হামলা চালানোর সময় এক মার্কিন নাগরিকসহ ২ জন নিহত হয়। এখানে আরো ৭০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিহত মার্কিন নাগরিক বয়সে তরুণ। ছোট একটি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অজ্ঞাত কেউ তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অপর ব্যক্তি গুলিতে মারা যান।
একইদিন বন্দর শহর পোর্ট সৈয়দে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন একটি ইসলামি দলের কার্যালয়ে ঘটা এক বিস্ফোরণে একজন নিহত ও ১০ জন আহত হয়।
বিস্ফোরণটি বোমার কারণে হয়েছে বলে মনে করেন বিক্ষোভকারীরা, কিন্তু বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে শনিবার জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, শুক্রবার আলেকজান্দ্রিয়াসহ সারাদেশে তাদের আটটি কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সপ্তাহব্যাপী হানাহানি, সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যু ও কয়েকশত মানুষ আহত হয়েছেন।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে “গৃহযুদ্ধের” পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ।
রোববারের বিক্ষোভ সমাবেশের আগেই বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। নেতৃস্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষও মুরসির প্রস্তাব সমর্থন করেছেন।
