ম্যান্ডেলার ‘বেশ উন্নতি’ হচ্ছে
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্যের ‘বেশ উন্নতি’ হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন তার সাবেক স্ত্রী উইনি-মাদিকিজেলা ম্যান্ডেলা।
কয়েকদিন আগের তুলনায় ম্যান্ডেলার স্বাস্থ্যের অবস্থা এখন অনেক ভাল বলে জানান তিনি।
উইনি বলেন, “আমি ডাক্তার নই।কিন্তু তারপরও বলতে পারি, কয়েকদিন আগে তার যে অবস্থা ছিল তার চেয়ে এখন বেশ উন্নতি হয়েছে”।
জোহান্সবার্গের সোয়েটোয় ম্যান্ডেলার পুরোনো বাড়ির বাইরে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি।
গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তবে এবার ইতোমধ্যে তিনি হাসপাতালে ২০ দিনের বেশি সময় অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা ইতোমধ্যে মনে করতে শুরু করেছে, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।
বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।
এ পরিস্থিতির মধ্যে ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে ওই আশার কথা শোনালেন উইনি।
