ম্যান্ডেলাকে দেখতে যাবেন না ওবামা
দক্ষিণ আফ্রিকা সফরকালে গুরুতর অসুস্থ নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা না করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অফ্রিকার আরেক দেশ সেনেগালে সফর শেষে শুক্রবার বিকালে ওবামা প্রিটোরিয়ার উদ্দেশে বিমানে চড়েন বলে বিবিসি জানিয়েছে।
ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে না যাওয়ার কারণ হিসেবে ওবামা বলেন, নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে যখন তার পরিবার যখন উদ্গিগ্ন তখন আমি কোনো রকম অসুবিধার কারণ হতে চাই না।
প্রায় তিন সপ্তাহ ধরে প্রিটোরিয়া হাসপাতালে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মান্ডেলা।
এদিকে ওবামার দক্ষিণ আফ্রিকার সফরকে কেন্দ্র করে প্রিটোরিয়া হাসপাতাল থেকে কয়েক ব্লক দূরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর অসুস্থ বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
প্রায় দু’শ ট্রেড ইউনিয়ন কর্মী , শিক্ষার্থী এবং দক্ষিণ আফ্রিকা কমিউনিস্ট পার্টি সদস্যরা সপ্তাহান্তে ওবামার সফরের প্রতিবাদ জানাতে রাজধানী প্রিটোরিয়ায় জড়ো হয়। ওবামার বৈদেশিক নীতি ঔদ্ধত্যপূর্ণ, স্বার্থপর এবং নিপীড়নমূলক বলে অভিযোগ করে তারা।
বিক্ষোভে যোগ দিতে আসা এক আইন শিক্ষার্থী বলেন, “যুক্তরাষ্ট্রের প্রথম কালো প্রেসিডেন্ট হিসাবে আমাদের একটা প্রত্যাশা ছিল। আফ্রিকার ইতিহাস জানা থাকায় আমরা আরো বেশিকিছু আশা করেছিলাম।”
“তিনি (ওবামা) একটা অস্বস্তি হয়ে এসেছেন। আমার মনে হয় ম্যান্ডেলাও অস্বস্তিবোধ করবেন।” বলেন তিনি।
এর আগে ওবামা দেশটির প্রথম কালো প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা করার ব্যাপারে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বৃহস্পতিবার সেনেগালে ওবামা ম্যান্ডেলাকে ‘বিশ্বের নায়ক’ বলে সম্বোধন করে বলেন যুগ যুগ ধরে তার গ্রহণ যোগ্যতা টিকে থাকবে।
গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তবে এবার ইতোমধ্যে তিনি হাসপাতালে ২০ দিন অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা ইতোমধ্যে বুঝতে শুরু করেছে, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।
জোহানেসবার্গের অর্থনৈতিক জেলা স্যান্ডটনের পরিচ্ছন্নতাকর্মী ৬০ বছর বয়সী ইদা মাসেগো বলেন, “ম্যান্ডেলা খুব বয়স্ক মানুষ। তার জীবনের অবস্থা ভাল নয়। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখনই তুমি তাকে (ম্যান্ডেলা) নিয়ে যাও। তার অবশ্যই চলে যাওয়া উচিৎ, তার অবশ্যই বিশ্রাম পাওয়া উচিৎ।”
এরআগে বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী।
দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে চতুর্থ দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর থাকাকালে ওবামার দেখা হয়েছিল। পরে ওবামাও যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। দু’জন নেতাই শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
