আত্মহত্যার অনুমতি চাইলেন ভারতীয় কৃষক
আত্মহত্যার অনুমতির দরখাস্তে সমবেদনার পরিবর্তে কৃষককে শুনতে হলো নিজ দায়িত্বে আত্মহত্যা করার পরামর্শ। পরামর্শটি দিয়েছেন ভারতের ছত্তিশগড় রাজ্যের ভূমি অফিসের এক সরকারি কর্মকর্তা।
বৃহস্পতিবার ছত্তিশগড়ের খুতেরায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
রাসায়নিক কারখানার দূষণে খুতেরার রামেশ্বর বানজারের আড়াই একর জমির সবটাই চাষের অযোগ্য হয়ে পড়েছে। জমি হারিয়ে নিরূপায় রামেশ্বর ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টায় নামেন। কিন্তু না পেয়ে হতাশ হয়ে সরকারি কমকর্তা বরাবর আত্মহত্যার অনুমতি দেওয়ার আবেদন করেন।
উত্তরে তাকে শুনতে হয়, “মরতে চাইলে মর, এজন্য আমাদের অনুমতির কোনো দরকার নেই।”
উত্তরটি দিয়েছেন খুতেরার ভূমি কর্মকর্তা অশোক আগারওয়াল। ভূমি বিরোধ নিয়ে গণশুনানি চলাকালে বানজারেকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন। ওই গণশুনানির সভাপতিত্ব করছিলেন আগারওয়াল।
“কমল সলভেন্ট রাসায়নিক কারখানার দূষিত পদার্থে আমার আড়াই একর জমি নষ্ট হয়ে গেছে, গ্রাম কর্মকর্তা আমার ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ক্ষতিপূরণ পাইনি,” এনডিটিভিকে জানান বানজারে।
গণশুনানি শেষে সম্ভবত নিজের উক্তির প্রতিক্রিয়া অনুমান করে ভূমি কর্মকর্তা আগারওয়াল বানজারেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, “আত্মহত্যার অনুমতি দেওয়ার দরখাস্ত আমরা গ্রহণ করতে পারি না। তার সমস্যা দেখার জন্য ওই গ্রামে একটি তদন্ত দল পাঠিয়েছি আমরা।”
ভূমি বিরোধ, প্রতারণা, ঋণ গ্রস্ততা ইত্যাদিতে জর্জরিত হয়ে প্রতি বছর ভারতের অনেক কৃষক আত্মহত্যা করেন। সরকারি কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতা এ প্রক্রিয়াকে আরো তরান্বিত করে বলেই সাধারণের ধারণা, যার একটি উদাহরণ বানজারের ঘটনা।
আর এসব অভিযোগের সুরাহা না হওয়াতেই ছত্তিশগড়সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে মাওবাদীদের উত্থান হয়েছে বলে মনে করেন অভিজ্ঞ মহল। সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদীদের এক ভয়াবহ হামলায় ক্ষমতাসীন কংগ্রেস দলের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীসহ ৩১ জন নিহত হয়।
